অপ্রাপ্ত বয়সে বিয়ে করুণ পরিণতি
নরসিংদীতে গর্ভপাতের পর অতিরিক্ত রক্তক্ষরণে মাহমুদা আক্তার (১৫) নামের নবম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে সদর উপজেলার শিমুলের কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মাহমুদা আক্তার সদর উপজেলার শিমুলের কান্দি এলাকার হান্নান মিয়ার মেয়ে। এ ব্যাপারে মাহমুদার স্বামী দাবিদার জাহাঙ্গীর আলম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার নরসিংদী আদালতে একটি মামলা করেন। পুলিশ ও পরিবারের লোকজন জানান, বিবির কান্দি এলাকার রূপ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম স্থানীয় গোপালদী বাজারে কাপড়ের ব্যবসা করেন। মাহমুদা আক্তারের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত বছরের ২৭ সেপ্টেম্বর তিনি মাহমুদাকে বিয়ে করেন। নবম শ্রেণীর ছাত্রী হলেও কাবিননামায় বয়স ১৮ উল্লেখ করা হয়। এ ঘটনায় মাহমুদার বড় ভাই বেনজীর আহমেদ বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে নরসিংদী সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার চার মাস পর গত ৩০ জানুয়ারি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকা থেকে তাকে নিয়ে আসে পুলিশ। পরে ৩১ জানুয়ারি মাহমুদাকে আদালতের মাধ্যমে বাবা হান্নান মিয়ার জিমঞ্চায় দেওয়া হয়। এ সময় মাহমুদা আক্তার পরিবারের লোকজনের কাছে নিজেকে চার মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করে। গত ৪ ফেব্রুয়ারি কিশোরগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মাহমুদার গর্ভপাত ঘটানো হয়। এ ঘটনা মাহমুদা মুঠোফোনে জাহাঙ্গীর আলমকে জানায় বলে জাহাঙ্গীর দাবি করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে গত বুধবার রাতে মাহমুদা আক্তারের মৃত্যু হয়। তবে গর্ভপাতের কথা অস্বীকার করে মাহমুদার ভাই বেনজীর আহমেদ বলেন, মাহমুদা অসুস্থ হয়ে মারা গেছে। সে দুদিন ধরে পেটের পীড়ায় ভুগছিল ও অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, লাশের ময়নাতদন্ত করা হয়েছে। মাহমুদার বড় ভাই থানায় একটি অপহরণ মামলা করেছিলেন। সে মোতাবেক তাঁকে উদ্ধার করে আদালতের মাধ্যমে বাবার জিমঞ্চায় দেওয়া হয়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়।
নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খন্দকার বলেন, ‘আইন অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ফুসলিয়ে বিয়ে করা এবং পরবর্তীতে ঘটে যাওয়া সকল অঘটনের দায়ভার স্বামী দাবিদার জাহাঙ্গীর আলমের ওপর বর্তায়।’