অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করায় শিক্ষকের কারাদণ্ড
নোয়াখালীর সেনবাগে অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ে করার অপরাধে মোজাম্মেল হক (২৭) নামের এক স্কুলশিক্ষককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আনোয়ার পাশা তাঁর কার্যালয়ে আদালত বসিয়ে ওই আদেশ দেন।আদালত একই সঙ্গে বিয়ের আয়োজনের অভিযোগে বর মোজাম্মেল হকের বাবা আবদুর রহিম ও মা নিলুফার বেগমের এক হাজার টাকা করে; কনের মা আনোয়ারা বেগমকে পাঁচ হাজার টাকা এবং সহায়তার অভিযোগে মামা আবদুছ সালামকে এক হাজার টাকা জরিমানা; অনাদায়ে তাঁদের প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।আদালতের আদেশের পরই অভিযুক্তরা জরিমানার অর্থ পরিশোধ করে সাজা ভোগ থেকে রেহাই পান। এ ছাড়া বর মোজাম্মেল হককে সেনবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আজ তাঁকে নোয়াখালী কারাগারে পাঠানো হবে। সাজাপ্রাপ্ত মোজাম্মেল উপজেলার শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে আদালত সূত্রে জানা গেছে।সূত্র আরও জানায়, ৮ সেপ্টেম্বর সেনবাগ পৌরসভার কাদরা এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে মোজাম্মেল হকের সঙ্গে শেরেবাংলা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তারের গোপনে বিয়ে হয়। মোজাম্মেল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রাপ্তবয়স্ক, শিক্ষিত ও সচেতন হয়েও অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে বিয়ের এ খবর পৌঁছে যায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে।এরপর ইউএনও প্রাথমিকভাবে তদন্ত করে খবরের সত্যতা পেয়ে দুই পক্ষের অভিভাবক ও বরকে তাঁর কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। গতকাল তাঁরা প্রত্যেকে সশরীরে হাজির হলে ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই পক্ষের বক্তব্য শুনে সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে জেল-জরিমানার ওই আদেশ দেন।আদেশে আদালত কনেকে বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মায়ের জিম্মায় রেখে পড়ালেখা চালিয়ে যাওয়ার এবং সে পর্যন্ত স্বামীর সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেন। ১৯২৯ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৪, ৫ ও ৬ ধারা এবং দণ্ডবিধির ১৮৮ ধারায় আদালত ওই সব আদেশ দিয়েছেন বলে সূত্র জানিয়েছে।রাতে ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা বরকে জেলে দেওয়ার এবং অন্যদের জরিমানা করার আদেশ দেওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, সচেতন ও শিক্ষিত এমনকি একজন স্কুলশিক্ষকের এ ধরনের আইনবহির্ভূত কাজ কোনোভাবেই কাম্য হতে পারে না।