অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় বাবার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাবাকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাতে কসবা পৌর এলাকার শীতলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে৷
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতলপাড়া এলাকার দুধু মিয়া মঙ্গলবার রাতে তাঁর ষষ্ঠ শ্রেণির স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেন৷ খবর পেয়ে রাতেই নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ দুধু মিয়াকে আটক করে বাল্যবিবাহ নিরোধ আইন, ১৯২৯ এর ৬ ধারা অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরদিন বুধবার সকালে দুধু মিয়াকে কারাগারে পাঠানো হয়৷
এদিকে বাল্যবিবাহের প্রতিবাদে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কসবা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল সাইফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রৌনক আরা প্রমুখ।
সোহেল আহমেদ বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে বাবাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।