অপ্রাসঙ্গিক বক্তব্য প্রত্যাহার না হলে জনগণ টেনে নামাবে
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইতিহাস বিকৃতি করা হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রায়ের পর্যবেক্ষণে মুক্তিযুদ্ধের নেতৃত্ব নিয়ে যেসব অপ্রাসঙ্গিক ও অসত্য তথ্য দেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় পাকিস্তানি ভাবধারার এমন বক্তব্যদাতা যেই হোক, দেশের জনগণ তাঁকে চেয়ার থেকে টেনে নামাবে।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আয়োজিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এসব কথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যখন আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা হয়েছিল, তখন কোথায় ছিলেন বিচারকেরা। এখন স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলে যাচ্ছেতাই বলা যাবে না। গণতান্ত্রিক আচরণের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।
খালিদ মাহমুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক আন্দোলনকে মুক্তিযুদ্ধে ধাবিত করেছেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছেন। বঙ্গবন্ধু গণতান্ত্রিক নেতা ছিলেন বলেই, ইরাকের সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির মতো পলাতক অবস্থায় গ্রেপ্তার হননি। জয় বাংলা যেমন মুক্তিযোদ্ধাদের প্রেরণা ছিল; জয় বঙ্গবন্ধুও তাদের প্রেরণা ছিল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, জিয়াউর রহমানের ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। ভবিষ্যতে আবারও তাকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত সচিব কমল কৃষ্ণ ভট্টাচার্য, রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবুল কাশেম, রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ।