অপ্রাসঙ্গিক বক্তব্যে বিরক্ত বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি মুন্সী মহিবুল্লাহর আইনজীবী গতকাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনকালে বারবার অপ্রাসঙ্গিক ও অন্য আসামিকে নিয়ে বক্তব্য দেওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন বিচারক।

জঙ্গিনেতা মুফতি আবদুল হান্নানের ছোট ভাই মুন্সী মহিবুল্লাহর পক্ষে গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক দেন তাঁর আইনজীবী সাইফুর রশীদ। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা দুটির বিচারকাজ চলছে।

মহিবুল্লাহর আইনজীবী সাইফুর রশীদ গতকাল যুক্তিতর্কে বলেন, আসামি মহিবুল্লাহ, জাহাঙ্গীর আলম ও শরিফ শাহেদুল ওরফে বিপুলের জবানবন্দি তদন্ত কর্মকর্তার সাজানো ও মিথ্যা জবানবন্দি। মহিবুল্লাহ তাঁর জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেছেন। তাতে বলেছেন, তাঁকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে জবানবন্দি নেওয়া হয়েছে। শরিফ শাহেদুলের কাছ থেকে জোর করে জবানবন্দি নেওয়া হয়েছে। অন্য একটি মামলায় ইতিমধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় শরিফ শাহেদুল ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

এ পর্যায়ে বিচারক শাহেদ নুর উদ্দিন বলেন, আপনি একজনের পক্ষে উপস্থাপন করছেন। আরেকজনের পক্ষে বক্তব্য উপস্থাপন করছেন কেন। এটা করতে পারেন না। আইনত অন্যজনের বিষয়ে আপনার বলার এখতিয়ার নেই। আইনজীবী সাইফুর রশীদ বলেন, ‘শরিফ শাহেদুল আমার আসামিসহ অন্য আসামির নাম বলেছেন।’ বিচারক বলেন, শরিফ শাহেদুলের কী হয়েছে, আপনারা সবাই জানেন। তাঁর অনুপস্থিতিতে আপনি এভাবে বলতে পারেন না।

আইনজীবী সাইফুর রশীদ বলেন, একজনের বক্তব্যের ভিত্তিতে অন্যকে সাজা দেওয়া ন্যায়বিচার হয় না। মহিবুল্লাহর সঙ্গে কারও পরিচয় ছিল না। এ পর্যায়ে বিচারক আইনজীবীর উদ্দেশে বলেন, আদালত আপনার কাছ থেকে এ ধরনের যুক্তিতর্ক আশা করছে না। বারবার একই কথা কেন বলছেন।

রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, মামলার রায়ই হলো না, আসামিকে সাজা দেওয়ার কথা বলা হচ্ছে।

বিচারক বলেন, গত দিন বলেছেন, জোর করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে। ১৬৪ লাইন বাই লাইন বলছেন কেন? আপনি বলবেন যে ১৬৪ নেওয়া হয়েছে, তা উচ্চ আদালতের রুল অনুযায়ী নেওয়া হয়েছে কি না। তাতে আইনের ব্যত্যয় হয়েছে কি না। তা না বলে লাইন বাই লাইন পড়তে হবে না। বলে কেন বিরক্ত করেন।

বিচারক আক্ষেপের সঙ্গে বলেন, ‘আমার আজ প্রয়াত জ্যেষ্ঠ আইনজীবী টি এম আকবরের কথা মনে পড়ছে। তিনি থাকলে বলতে পারতেন কোথায় থামতে হবে, কোথায় কী বলতে হবে। কাকে বলব।’

আদালত সাইফুর রশীদকে বলেন, আপনার আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কী কী অভিযোগ এনেছে, কে সাক্ষী দিয়েছেন, এসব বিষয়ে খণ্ডন করে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তা না করে আসামির জবানবন্দি পড়েই সময় নষ্ট করছেন। আপনার তো অনেক বলার জায়গা রয়েছে। গত পাঁচ বছরে কী প্রস্তুতি নিলেন।

এরপর সাইফুর রশীদ মহিবুল্লাহর পক্ষে উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত তুলে ধরে তাঁকে খালাস দেওয়ার দাবি করেন এবং আবার যুক্তিতর্ক শুরু করেন। এ পর্যায়ে বিচারক বলেন, আপনি আসামির খালাস চাইলেন। আবার যুক্তিতর্ক উপস্থাপন করছেন। খালাস তো সবশেষে চাইবেন। আপনি মূলধারা থেকে সরে যাচ্ছেন। সারসংক্ষেপটা তুলে যুক্তিতর্ক করুন। আসামির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সে বিষয়ে আপনার মক্কেলের পক্ষে উচ্চ আদালতের কোন সিদ্ধান্ত আছে, তা দেখবেন। তা না করে, এসব কী করছেন। এটা দুঃখজনক।

গতকাল মহিবুল্লাহর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় আদালত ১৫ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।

এদিকে সাবেক উপমন্ত্রী আবদুস সালামের চিকিৎসার জন্য আদালতে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন নাকচ করেছেন আদালত। আদালত বলেন, ‘কাস্টডিতে থাকা কোনো আসামি হাজিরা থেকে অব্যাহতি পেতে পারে না। তবে তার সার্বিক চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন আদালত।’ গত বুধবার তিনি ১৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত হাজিরা থেকে অব্যাহতি পেতে ও পিজি হাসপাতালে চিকিৎসা নেওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।