অপ্রীতিকর ঘটনা এড়াতে আইপি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে আইপি (ইন্টারনেট প্রটোকল) ক্যামেরা। গতকাল রোববার থেকে শুরু হওয়া ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, গতকাল সকালে এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং বিকেলে জে ইউনিটের (বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট) পরীক্ষা হয়। দুটি পরীক্ষায় পরীক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।
ক্যাম্পাসের মূল ফটক, রেলওয়ে স্টেশন, গোলচত্বর, শহীদ মিনার ও প্রশাসনিক ভবন এলাকায় আইপি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে।
তবে বেলা একটার দিকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে গোলচত্বর এলাকায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বীপক্ষের নেতা-কর্মীরা পৃথকভাবে মিছিল করতে চাইলে উত্তেজনা দেখা দেয়। পরে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘটনাস্থলে এলে উভয় পক্ষ সরে যায়।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন জানান, এ ইউনিটের পরীক্ষায় প্রায় ৮১ শতাংশ এবং বিকেলে অনুষ্ঠিত জে ইউনিটের পরীক্ষায় প্রায় ৮৮ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
অর্থাৎ দুটি ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৫১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম দিন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষার প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি পয়েন্টে আইপি ক্যামেরা চালু করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কিছুদিনের মধ্যে পুরো ক্যাম্পাসে স্থায়ীভাবে ইন্টারনেট প্রটোকল ক্যামেরা বসানো হবে।