অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মাঠে থাকবেন তাঁরা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখে অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিনশ নেতা-কর্মী মাঠে থাকবেন। এ জন্য ছাত্রলীগ একটি স্বেচ্ছাসেবক বাহিনীও গঠন করেছে। শতাধিক স্বেচ্ছাসেবক নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নও। নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন নামের একটি সংগঠনও ২২টি স্থানে নজরদারির ঘোষণা দিয়েছে।

গত বছর পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেশ কয়েকজন নারী নিপীড়িত হন। এই ধরনের ঘটনা প্রতিরোধ করতেই বিভিন্ন সংগঠনগুলো এই সিদ্ধান্ত।

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বুধবার রাতে প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখ বাঙালির জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাঠে থাকবে। আজ ছাত্রলীগের বর্ধিত কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রলীগের স্বেচ্ছাসেবক বাহিনী বেশ কয়েকটি ভাগে ভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মুঠোফোন নম্বর দেওয়া হয়েছে। কোনো দর্শনার্থী বা শিক্ষার্থী কোনো সমস্যায় পড়লে তাঁদের ফোন দিলেই স্বেচ্ছাসেবকেরা হাজির হবে।

এদিকে ছাত্র ইউনিয়নও স্বেচ্ছাসেবক নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আকতার। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক জি এম জিলানী। সংবাদ সম্মেলনে বলা হয়, বর্ষবরণের দিনে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য ছাত্র ইউনিয়নের শতাধিক স্বেচ্ছাসেবক সতর্কতার সঙ্গে মৎস্য ভবন থেকে দোয়েল চত্বর পর্যন্ত থাকবে। এ ছাড়া যে কোনো সমস্যায় পড়লে ০১৮২৬০৪১৯৫২ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহসভাপতি লিটন নন্দী প্রথম আলোকে বলেন, ‘গত বছর আমরা দেখেছিলাম টিএসসিতে যৌন নিপীড়নের ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আজও এই ঘটনার বিচার হয়নি। এবার আমরা এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ঘটতে দেব না।’

পয়লা বৈশাখের অনুষ্ঠানকে নারীর জন্য নিরাপদ রাখার প্রত্যয়ে রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ২২টি স্থানে স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে নজরদারির উদ্যোগ নিয়েছে নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন নামের একটি সংগঠন। সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন, উদীচী, প্রগতিশীল ছাত্র জোট, ব্রতী, সেবা, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, আমরাই পারি জাট, কাপেং ফাউন্ডেশন, নাগরিক অধিকার আন্দোলন, ব্রতচারী বাংলাদেশ, নবারুণ কল্যাণ সংস্থা, ৭১ ফাউন্ডেশন, আর্ট অব লিভিং, ইয়ুথ হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বটতলা, এইড ডিস্ট্রিবিউশন ও প্রজন্ম ৭১ এই নিরাপদ বাংলাদেশ আন্দোলনের সহযোগী হিসেবে কাজ করবে।

এই উদ্যোগ সম্পর্কে নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক শারমীন মুরশিদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, ‘গত বছর পয়লা বৈশাখে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ ছাড়া দেশে নারী ও শিশু নির্যাতন অনেক বেড়েছে। নাগরিকের এগিয়ে আসা ছাড়া এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব নয়। এই চেতনা সবার মধ্যে জাগ্রত করতেই এই উদ্যোগ।’

নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন সূত্রমতে, স্বেচ্ছাসেবকেরা সারা দিন মাঠে থাকবে। চারটি ভ্রাম্যমাণ দল পুরো এলাকা নজরদারি করবে। কোনো যৌন হয়রানির ঘটনা ঘটলেই পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অথবা নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনের হেল্পলাইনে জানাতে বলা হয়েছে। হেল্পলাইন ০১৭৬৮০৮০৫১৩ ও ০১৫১৬৯৬৯৩০৩।