পাল্টাপাল্টি ধাওয়া, সড়ক অবরোধ এবং ভাঙচুরের মধ্য দিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ছাত্রলীগ ও ছাত্রদল। নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের মিছিলকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মৌখিক পরীক্ষা ছিল। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পাবনা সদর উপজেলার রাজাপুরে শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীরা আসতে শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন। তাঁরা নবীনদের স্বাগত জানিয়ে স্লোগান দেন। এ সময় ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল ক্যাম্পাসে প্রবেশ করে। দুপুর ১২টার দিকে অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকে দুই পক্ষের সমর্থকেরা মুখোমুখি হয়। এ সময় তাদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। কিছু উচ্ছৃঙ্খল তরুণ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ঢুকে চেয়ার, টেবিল ও জানালা ভাঙচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টা থেকে বেলা একটা পর্যন্ত পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘ছাত্রলীগ শান্তিপূর্ণভাবেই মিছিল করছিল। কিন্তু ছাত্রদল আচমকা মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। এতে আমাদের দুই সদস্য আহত হয়েছে।’জেলা ছাত্রদলের সভাপতি হিমেল রানা বলেন, ‘পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে আমরা নবীনদের আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করে ক্যাম্পাস ত্যাগ করেছি। এতে ছাত্রলীগ ঈর্ষান্বিত হয়ে সড়ক অবরোধসহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামরুজ্জামান বলেন, ‘আমরা নতুন শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের মিছিল ও স্লোগান শুনি। কিছুক্ষণ পর ছাত্রদলের স্লোগান কানে আসে। পরে বিশৃঙ্খলার খবর পাই। তবে কারা বিশৃঙ্খলা-ভাঙচুর করেছে তা জানি না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’