অপ্রয়োজনে হর্ন বাজাবেন না সরকারি গাড়ির চালকেরা
ঢাকায় যানবাহনের হর্ন শব্দদূষণের অন্যতম উৎস। এবার সরকারি যানবাহন অধিদপ্তরের চালকেরা অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
গতকাল মঙ্গলবার সরকারি যানবাহন অধিদপ্তরে প্রশিক্ষণ প্রদানকালে সরকারি চালকেরা এই প্রতিশ্রুতি দেন। পরিবেশ অধিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে বলা হয়, যানজটে পড়ে, যত্রতত্র লেন পরিবর্তনের সময়, থামার স্থানে যথাযথভাবে গাড়ি না থামানোর কারণে এবং বাড়ির গেট খোলার জন্য তাড়াহুড়া করার সময় বেশি হর্ন বাজানো হয়। একটু ধৈর্য ধরে যানবাহন চালালেই এসব ক্ষেত্রে হর্ন বাজানো এড়ানো সম্ভব।
প্রশিক্ষণ কর্মসূচিতে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়, উচ্চমাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি হ্রাস করে। এর ফলে রক্তচাপ বৃদ্ধি ও হৃদ্যন্ত্রের কম্পন বৃদ্ধি পায়। অতি শব্দ মাংসপেশির খিঁচুনি সৃষ্টি করে এবং শিশুদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত করে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছ উল আলম মণ্ডল, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (সড়ক) শফিকুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ফরিদ আহমেদ, সরকারি যানবাহন অধিদপ্তরের আলমগীর হোসেন, ডব্লিউবিবি ট্রাস্টের কর্মসূচি ব্যবস্থাপক মারুফ হোসেন, প্রকল্প কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।