
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বি পি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে অফিসকক্ষের মেঝেতে চলছে শিক্ষার্থীদের পাঠদান। অফিসকক্ষে ক্লাস হওয়ায় শিক্ষকদের দাপ্তরিক কার্যক্রমে সমস্যা দেখা দিয়েছে।
এ ছাড়া প্রতিটি শ্রেণিকক্ষে আসনসংকট, টয়লেট সমস্যাসহ নানা কারণে শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বিদ্যালয়টিতে অফিসকক্ষসহ ছয়টি কক্ষ রয়েছে। শ্রেণিকক্ষে জায়গা সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের অফিসকক্ষে শিশু শ্রেণির ৩৬ জন শিক্ষার্থী চাপাচাপি করে মেঝেতে বসে ক্লাস করছে। বিদ্যালয়টিতে ৩৫০ ছাত্রছাত্রীর জন্য একটি এবং শিক্ষকদের জন্য একটি টয়লেট রয়েছে।
১৯৯৯ সালে ৩৩ শতক জায়গার ওপর নির্মিত এই বিদ্যালয়টিতে ছোট আকারের দুটি ভবন রয়েছে। শৌচাগারের সামনে কোনো প্রাচীর না থাকায় খেলার মাঠের সামনে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের টয়লেট ব্যবহার করতে বিড়ম্বনার শিকার হতে হয়। বর্তমানে বিদ্যালয়টিতে নয়জন শিক্ষক রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা খানম জানান, স্কুলে ছাত্রছাত্রীদের উপস্থিতি প্রায় শতভাগ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রতিবছর কয়েকজন বৃত্তি পেয়ে থাকে। পাসের হার সন্তোষজনক। দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। বিদ্যালয়ের নানা সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা শ্রেণি কক্ষসংকট। শ্রেণিকক্ষগুলোতে আসনসংখ্যাও সীমিত। বিদ্যালয়ের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য আলমারি ও ফাইল ক্যাবিনেট প্রয়োজন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের সমস্যা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি একাধিকবার যোগাযোগ করেছি।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম বলেন, বিদ্যালয়টির পাঠদান ও ফলাফল সন্তোষজনক হওয়ার পরও এখানে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। অথচ মফস্বল পর্যায়ে অনেক বিদ্যালয়ে দোতলা ভবন রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকসানা আনিছা মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়টিতে কক্ষসংকট আছে। আমরা বিদ্যালয়টিতে ভবন বরাদ্দের ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে চাহিদাপত্র দিয়েছি।’