অফিস খুললেও ঈদের আমেজ

ঈদুল ফিতরের নয় দিনের ছুটি শেষে গতকাল রোববার সরকারি অফিস-আদালত খুলেছে। তবে প্রথম কর্মদিবসে চট্টগ্রাম নগরের বিভিন্ন সরকারি কার্যালয়ে তেমন কর্মচাঞ্চল্য চোখে পড়েনি। যাঁরা কাজে ফিরেছেন, তাঁরা পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন। তবে সরকারি-বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় ছিল।
নগরের জুবিলি রোডের মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এবি ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের শাখায় গিয়ে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। এক গ্রাহক বলেন, নয় দিন বন্ধ থাকায় তিনি ডিপিএসের টাকা জমা দিতে পারেননি। তাই ব্যাংক খোলার দিনে জমা দিতে এসেছেন।
জুবিলি রোডের এবি ব্যাংক শাখায় নগরের কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের বেতন জমা নেওয়া হয়। চলতি মাসের বেতন জমা দিতে ভিড় করেন অভিভাবকেরা। ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখার কর্মকর্তা রাশেদুল আমিন বলেন, লম্বা ছুটি শেষে ব্যাংক খোলায় প্রথম দিনে একটু ভিড় রয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের কর্মকর্তা- কর্মচারীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত। জেলা প্রশাসনের কার্যালয়েও কর্মকর্তাদের মধ্যে ছিল ঈদের আমেজ। কর্মকর্তারা কাজে যোগ দিয়ে ঈদের কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন। সহকারী কমিশনার তাহমিলুর রহমান বলেন, ‘অফিস খুলেছে। কাজও হচ্ছে কিছু কিছু। ঈদের আমেজ কাটিয়ে সবাই আস্তে আস্তে কাজে লেগে পড়ছেন।’
ঈদের ছুটির দিনগুলোতে প্রায় ফাঁকা থাকা চট্টগ্রাম নগর গতকাল থেকে ধীরে ধীরে চেনা রূপ ফিরে পাচ্ছে। শনিবার বিকেল থেকেই নগরের রেলস্টেশন, বাসস্টেশনে শহরমুখী মানুষের ভিড় দেখা গেছে। ঈদ শেষে পরিবার-পরিজন নিয়ে আবার শহরে ফিরছে মানুষ।
বটতলী রেলওয়ে স্টেশনে সোনার বাংলা এক্সপ্রেসযোগে ঢাকা থেকে ফেরা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘এক সপ্তাহেরও বেশি সময় ঈদের ছুটি কাটিয়ে আজ (রোববার) পরিবার-পরিজন নিয়ে ফিরলাম।’