অফিস খোলা থাকায় টিকিটের চাহিদা কম
কমলাপুর রেলস্টেশনে আজ শুক্রবার সকাল থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল নয়টায় এ টিকিট বিক্রি শুরু হয়। আজ ৪ আগস্টের টিকিট দেওয়া হচ্ছে।
ঈদের টিকিট পেতে গতকাল থেকে অনেকে কাউন্টারের সামনে অবস্থান নেন। তাঁরা সেখানেই রাত কাটান। সকালের দিকে কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের ভিড় লক্ষ করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। দুপুর ১২টার দিকে বেশির ভাগ কাউন্টারই ক্রেতাশূন্য হয়ে পড়ে।
কমলাপুর রেলস্টেশনের বিভিন্ন কাউন্টার সূত্রে জানা যায়, ৪ ও ৫ আগস্ট অফিস খোলা থাকবে। তাই এই দুই দিনের টিকিটের চাহিদা কম। মূলত ৬, ৭ ও ৮ আগস্টের টিকিট দেওয়ার দিন অর্থাত্ ২৮, ২৯ ও ৩০ জুলাই টিকিট বিক্রির চাপ বেশি হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমলাপুর রেলস্টেশনের মোট ১২টি কাউন্টারে ঈদের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। সকালে কাউন্টারগুলোতে মানুষের ভিড় থাকলেও দুপুরের দিকে তা কিছুটা কম লক্ষ করা যায়। তবে দুপুর ১২টা নাগাদ ঢাকা-সিলেট রুটের ১ নম্বর কাউন্টার, ঢাকা-রাজশাহীর ১০ নম্বর কাউন্টার, ৭, ৮, ৯ কাউন্টারসহ বেশির ভাগ কাউন্টার ক্রেতাশূন্য দেখা যায়।
৮ নম্বর কাউন্টারে বিক্রি হচ্ছিল রংপুরের অগ্রিম টিকিট। সেখানে কর্মরত মো. জাফর উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সকালের দিকে মানুষের ভিড় ছিল। এখন কমে গেছে। তবে কেউ এলে তাঁকে টিকিট দেওয়া হচ্ছে।’
এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ব্যবস্থাপক মো. খায়রুল বশীর বলেন, ৪ ও ৫ আগস্ট অফিস খোলা থাকায় এই দুই দিনের টিকিটের চাহিদা কম। তবে ৬, ৭ ও ৮ আগস্টের টিকিটের চাহিদা বেশি হবে বলে জানান তিনি।