রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রধান কার্যালয় চট্টগ্রামে। কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সচিব বছরের বেশির ভাগ সময় ঢাকার লিয়াজোঁ কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করেন। গত দেড় বছরে বিপিসির সচিব প্রধান কার্যালয়ের বাইরে ছিলেন ৩০০ দিন। আর চেয়ারম্যান গত ৯ মাসে প্রধান কার্যালয়ে ২০ দিনও উপস্থিত ছিলেন না। অথচ কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে।
বিপিসির কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সচিব প্রধান কার্যালয়ে অফিস না করায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হচ্ছে। দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয় নিয়েও জটিলতায় পড়তে হচ্ছে।
বিপিসির চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান। (গতকাল তাঁকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে)। প্রেষণে গত ২৩ ফেব্রুয়ারি বিপিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। আর গত বছরের জুনে প্রেষণে বিপিসির সচিব হিসেবে যোগ দেন মো. নুরুল আমিন। তিনি সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা।
বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রধান কার্যালয়ের কর্মস্থলে উপস্থিত থাকার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে ১৪ ফেব্রুয়ারি নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ‘বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিপিসির হেড অফিস (প্রধান কার্যালয়) চট্টগ্রামে না থেকে প্রায়শ ঢাকা অবস্থান করছেন। উক্ত কর্মকর্তাগণের অনুপস্থিতির কারণে বিপিসির দাপ্তরিক কাজকর্ম সঠিক সময়ে সম্পাদন করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে অফিসে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণের ব্যক্তিগত/অফিসিয়াল (দাপ্তরিক) কাজে ঢাকায় আসার প্রয়োজন হলে যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ এবং ঢাকায় বিপিসির কোনো মিটিং (সভা) করার প্রয়োজন হলে তা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মিটিং এর সময় নির্ধারণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।’ চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন শাখার উপসচিব সৈয়দা নওয়ারা জাহান।
এ বিষয়ে গত শনিবার মাহমুদ রেজা খান প্রথম আলোকে বলেন, ‘কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সব করা হয়।’
এদিকে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিপিসির সচিবের দেওয়া ভ্রমণের ১৬টি বিল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ১৩৯ দিন চট্টগ্রামের বাইরে ছিলেন।
এ বিষয়ে বিপিসির সচিব নুরুল আমিন বলেন, ‘দাপ্তরিক কাজে আমি ঢাকায় যাই। চট্টগ্রামের বাইরে অবস্থানের জন্য আমার কোনো কাজ পেন্ডিং (ফেলে রাখা) নেই। ডিজিটাল যুগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ ও স্ক্যানার বসিয়ে ফাইল স্থানান্তর করে সব কাজ সারছি। আর ৩২৯ দিনের মধ্যে আমার সাপ্তাহিক ছুটিও আছে। সেটা ধরবেন কেন?’ তিনি আরও বলেন, ‘আমার জন্য একটি গাড়ি বরাদ্দ। ঢাকায় আরেকটি গাড়ি আমি দাপ্তরিক কাজে ব্যবহার করছি। আমাদের জিএমরাও (মহাব্যবস্থাপক) ঢাকায় দাপ্তরিক কাজে এসে গাড়ি ব্যবহার করেন। ঢাকায় অবস্থানের জন্য আমি মহার্ঘ ভাতা নিই না।’
তবে বিপিসির আরেক কর্মকর্তা বলেন, ডিজিটাল যুগে ই-মেইল, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগাযোগ এবং স্ক্যানার যন্ত্র ব্যবহার করে ফাইল বা চিঠি স্থানান্তরের সুযোগ আছে। এই সুযোগের সদ্ব্যবহার করা হলে একজন সচিবের ঘন ঘন ঢাকায় যাওয়ারও প্রয়োজন পড়ে না।
এ বিষয়ে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে একটি চিঠি জারি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চট্টগ্রামের প্রধান কার্যালয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘন ঘন ঢাকায় অবস্থান করা অযৌক্তিক।