অফিস শেষে মায়ের আসার কথা ছিল...

বান্দরবান-রুমা সড়কে পাহাড়ধসে নিখোঁজ মুন্নী বড়ুয়ার নয় বছরের মেয়ে জেসিকা বড়ুয়া শুধু কান্না করছে। যাওয়ার সময় মা বলেছে, ‘অফিসের কাজ শেষ করে আমি দুই দিন পরে আসব। তুমি মাসির সঙ্গে থেকো মা।’ কিন্তু মা ফিরে আসছেন না।
পরিবার পরিকল্পনা বিভাগের রুমা উপজেলায় কর্মরত মাঠকর্মী মুন্নী বড়ুয়া গত রোববার বান্দরবান থেকে কর্মস্থলে যাওয়ার সময় পাহাড়ধসে মাটি চাপা পড়ে নিখোঁজ হন। বান্দরবান-রুমা সড়কের ২৫ কিলোমিটারের দলিয়ানপাড়া এ ঘটনা ঘটে। তিনি মা ও বড় বোনের সঙ্গে মেয়ে জেসিকাকে রেখে সেদিন সকাল সাড়ে আটটায় বাসা থেকে বের হয়েছিলেন।
আজ সোমবার জেলা শহরের মধ্যমপাড়ায় মুন্নী বড়ুয়ার বাসায় গিয়ে মাতম দেখা যায়। মুন্নীর মা নীলিমা বড়ুয়া ও মেয়ে জেসিকা বড়ুয়ার কান্না যেন থামছেই না। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিচ্ছেন। মুন্নীর বড় বোন রুবি বড়ুয়া বলেছেন, তাঁদের ষাটোর্ধ্ব মা নীলিমা বড়ুয়া গত রোববার পাহাড়ধসের ঘটনা শোনার পর থেকে কিছুই মুখে দেননি। নানির সঙ্গে জেসিকাও তার মায়ের ছবি দেখে দেখে শুধু কান্না করছে। কোনো সান্ত্বনা দিয়ে নানি ও নাতনিকে বোঝানো যাচ্ছে না।
নীলিমা বড়ুয়া হঠাৎ কান্না করে বলে ওঠেন, ‘মুন্নী কই, মুন্নী আসছে। তাড়াতাড়ি আসবে বলেছে, কখন আসবে সে। গাড়ির ছেলেটা বলে গেছে সে আসবে।’ মুন্নীর বড় বোন রুবি বলেন, বাসচালকের সহকারী এসে বলেছে, মাটির চাপে পড়ে যাওয়ার সময় সে দেখেছে। এ জন্য মা ওই গাড়ির ছেলের কথা বলছেন।
জেসিকা চতুর্থ শ্রেণিতে পড়ে। সে জানায়, মা যাওয়ার সময় বলেছে, অফিসে মিটিং আছে। কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসবে। পড়ালেখা ভালোভাবে করার জন্যও বলেছে। মুন্নীর স্বামী অমর বড়ুয়া চট্টগ্রামে একটি কোম্পানিতে চাকরি করেন। দুর্ঘটনার কথা শুনে বাড়ি এসেছেন। জেসিকা ছাড়া তাঁদের আর কোনো ছেলেমেয়ে নেই।
নিখোঁজ মুন্নীর ভাই রাহুল বড়ুয়া ছোটন বললেন, দলিয়ানপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনার পর থেকে তিনি সেখানে রয়েছেন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই দিন ধরে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। মুন্নীর কাপড়চোপড় ও ব্যাগ পাহাড়ি ঝরনার খাদ থেকে পাওয়া গেছে। কিন্তু মুন্নীর কোনো হদিস পাওয়া যায়নি।