অফিস সহকারীর কাজে পিয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দুই পালার (ডাবল শিফট) একটি বিদ্যালয়ের দাপ্তরিক অনেক গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন একজন পিয়ন (এমএলএসএস)। দুই বছর ধরে তিনি এ দায়িত্ব পালন করে আসছেন। ২০১১ সালে বিদ্যালয়ের অফিস সহকারী বদলি হয়ে যাওয়ার পর থেকে তাঁর পদ খালি রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘অফিস সহকারীর কাজ চালানোর মতো বিকল্প কেউ না থাকায় এমএলএসএস দিয়ে কাজ করতে হচ্ছে। প্রয়োজনে আমি নিজেও তাঁকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত অফিস সহকারী পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, দুই পালার এ বিদ্যালয়ে দুজন অফিস সহকারী থাকার নিয়ম থাকলেও মাত্র একজনের পদ রয়েছে এখানে। বর্তমানে সেই পদটি খালি থাকায় সমস্যা আরও ঘনীভূত হচ্ছে। কারণ, একজন এমএলএসএসকে দিয়ে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ দ্রুত সমাধান করা কঠিন হয়ে পড়ছে। ২০১১ সালে বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ শহীদুল্লাহ কুমিল্লা জিলা স্কুলে বদলি হয়ে যান। তখন বিদ্যালয়ের দাপ্তরিক কাজ চালানোর জন্য এ কাজে কিছুটা ধারণা রাখেন এমন একজন এমএলএসএস ভাসান দাশকে অফিস সহকারীর কাজের দায়িত্ব দেওয়া হয়। প্রধান শিক্ষক মো. আবদুল লতিফ বলেন, ‘সীমিতসংখ্যক লোকবল দিয়ে দুই পালার শিক্ষা কার্যক্রম চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। বর্তমানে আমরা অন্য বিদ্যালয় থেকে দাপ্তরিক আদেশের মাধ্যমে প্রেষণে (ডেপুটেশন) দু-একজন শিক্ষক নিয়োগ দিয়ে জরুরি প্রয়োজন মেটাচ্ছি।’ এসব বিষয়ে উচ্চপর্যায়ে অবগত আছে বলে জানান প্রধান শিক্ষক।