চট্টগ্রাম জেলা ভূমি নিবন্ধন কার্যালয়ের (রেজিস্ট্রি অফিস) অতিরিক্ত নকলনবিশরা তিন অফিস সহকারীর পদোন্নতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে কাজ বন্ধ রেখে কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তাঁরা। তিনজনের পদোন্নতি বাতিল না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ অতিরিক্ত নকলনবিশ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন জানান, জেলা নিবন্ধন কার্যালয়সহ চট্টগ্রামের ২২টি উপকার্যালয়ে দীর্ঘদিন ধরে তাঁরা কাজ করে আসছেন। কিন্তু তাঁদের কাউকে নিয়োগ না দিয়ে অফিস সহকারী (পিয়ন) থেকে তিনজনকে নকলনবিশ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। অথচ যাঁরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন, তাঁরাই নিয়োগ ও পদোন্নতি পাওয়ার দাবিদার।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা ভূমি রেজিস্ট্রার মুশতাক আহমেদ বলেন, খান মো. আবদুল মান্নানের (মহাপরিদর্শক, নিবন্ধন, ঢাকা) এক চিঠির পরিপ্রেক্ষিতে জেলার ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী দিদারুল আলম চৌধুরী, বোয়ালখালীর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সেলিম উদ্দিন ও চন্দনাইশের গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের রেজাউল আলমকে নকলনবিশ পদে পদোন্নতি দেওয়া হয়। এ-সংক্রান্ত চিঠি গতকাল পাওয়ার পর তা কার্যকর করা হয়।
মুশতাক আহমেদ বলেন, তিন অফিস সহকারী উচ্চ আদালতে রিট দায়ের করলে তাঁদের পদোন্নতি দিতে উচ্চ আদালত আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে মহাপরিদর্শক নিবন্ধন ওই তিনজনের পদোন্নতি কার্যকর করতে চিঠি দেন।
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের ২২টি সাব-রেজিস্ট্রার অফিসে দুজন করে নকলনবিশের পদ রয়েছে। কিন্তু কাজের চাপ বেশি থাকায় প্রতিটি অফিসে ১০ থেকে ১২ জন করে অতিরিক্ত নকলনবিশ রয়েছেন।