চাঁদপুরের হাজীগঞ্জে এক শিক্ষকের এলপিআর (অবসর প্রস্তুতিকালীন) ছুটি মঞ্জুরের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মো. কাউছার আহমেদ ২৩ হাজার টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।গত ২২ জানুয়ারি উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. আকতার হোসেনের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সাংসদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগপত্রে আবেদনকারীর ভাষ্য, ‘আমি হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলাম। ২০১০ সালের ৩০ ডিসেম্বর এলপিআর ছুটিতে যাই। এলপিআর ছুটি মঞ্জুরের জন্য অবসরে যাওয়ার দুই মাস পূর্বে আমার প্রয়োজনীয় কাগজপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী কাউছার আহমেদের কাছে জমা দেই। কিন্তু সে ছুটি মঞ্জুরের জন্য কোন ব্যবস্থা নেয় নাই। আমি কাউসারের সাথে যোগাযোগ করলে সে আমার কাছে ওই ছুটি মঞ্জুরের জন্য ৩০ হাজার টাকা দাবি করে। আমি সম্পূর্ণ টাকা দিতে অক্ষম। পরে তাকে আমার পারিবারিক অবস্থা খুলে বললে সে ২৩ হাজার ২০০ টাকা দেওয়ার জন্য বলে। তার প্রস্তাব অনুযায়ী নগদ ৫ হাজার ২০০ টাকা এবং এলপিআর ছুটি মঞ্জুর হওয়ার পরে সেই টাকা থেকে চেকের মাধ্যমে বাকি ১৮ হাজার টাকা পরিশোধ করি। ২০১১ সালের ৩০ জানুয়ারি সোনালী ব্যাংক হাজীগঞ্জ বাজার শাখায় আমার হিসাব নং টি-৮৬০ থেকে চেক নং ২২৪৮৩৩৫ এর মাধ্যমে কাউসার উক্ত টাকা উত্তোলন করে। প্রকাশ থাকে যে, আমি অবসর ছুটিতে যাওয়ার পরে পেনশন উঠাতে ক্ষতি করতে পারে বিধায় তার বিরুদ্ধে অভিযোগ করতে দেরি হল।’ ভুক্তভোগী শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, ‘এলপিআর ছুটির কাগজপত্র জমা দেওয়ার পর সে আমাকে জানায়, আপনার মেডিকেল ছুটি কাটা হলে এলপিআরের কোনো টাকা-পয়সা পাবেন না। তবে ৩০ হাজার টাকা দিলে মেডিকেল ছুটি হিসাব না করে এলপিআর ছুটি মঞ্জুর করা হবে।’ মজিবুর রহমান বলেন, ‘সে ধোঁকাবাজির মাধ্যমে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে। আমার কাছে টাকা দেওয়ার সব তথ্যপ্রমাণ আছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্তে এলে আমি এগুলো দেখাব।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ চিরান বলেন, ‘আমি সম্প্রতি এই উপজেলায় যোগদান করেছি। অভিযোগটি আমি আসার আগের। যেহেতু জেলায় অভিযোগ পাঠানো হয়েছে, সেহেতু আমার কাছে তদন্ত এলে আমি দেখব।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী অভিযুক্ত কাউছার আহমেদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নই।’ অনুসন্ধানে জানা গেছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের পেনশন, এলপিআর ছুটি ও গ্র্যাচুইটি ছুটি মঞ্জুর ও ফাইলপত্র ঠিক করার জন্য অফিস সহকারীর মাধ্যমে টাকা আদায় করেন। একাধিক শিক্ষক অভিযোগ করেন, কিছু অফিস সহকারী দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে মোড়ল বনে যান। গত বছর এক শিক্ষকের কাছ থেকে টাকা নিয়েও কাজ না করায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে কাউছারকে মারধর করেন। পরে তাঁকে আলীগঞ্জ পিটিআইতে বদলি করা হয়। কিন্তু ছয় মাস না যেতেই কাউছার তদবির করে আবার শিক্ষা কার্যালয়ে বদলি হয়ে আসেন। এ প্রসঙ্গে জানতে গতকাল জেলা শিক্ষা কর্মকর্তা (ডিপিও) মো. আকতার হোসেনের মুঠোফোনে ফোন করা হলে তিনি এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।