পাবনার ফরিদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার বিকেলে বিক্রিনিষিদ্ধ সরকারি পাঠ্যবই চুরি করে বিক্রির সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফ ও শিক্ষা কর্মকর্তার অফিস সহকারী শাহ আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইউএনও ডি এম আতিকুর রহমান তিন বস্তা বইসহ তাঁদের হাতেনাতে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ইউএনও বাদী হয়ে ফরিদপুর থানায় একটি মামলা করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফ ও তাঁর অফিস সহকারী শাহ আলম নিজ কার্যালয় থেকে তিন বস্তা মাধ্যমিকের পুরোনো বই চুরি করে বিক্রি করেন। একটি ভ্যানগাড়িতে বইগুলো নিয়ে যাওয়ার সময় ইউএনও তা দেখতে পান। এ সময় তিনি ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করলে ভ্যানচালক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তাঁর অফিস সহকারী বইগুলো বিক্রি করেছেন বলে জানান। ইউএনও নিজেই বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, ‘খবর পেয়ে দুজনকে আটক করে আমরা থানাহাজতে রেখেছি। ইউএনও বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (আজ) তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’