অফিসার সমিতির কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে মারধরের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছে অফিসার সমিতি।

গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠকের পর সমিতির নেতারা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। এর আগে গতকাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা কর্মবিরতি পালন করেন।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির নেতাদের সঙ্গে আমি বৈঠক করেছি। এ ঘটনার কারণ উদ্‌ঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছি।’

বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘উপাচার্য মহোদয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে আমরা দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাঁচ কর্মদিবসের সময়সীমা বেঁধে দিয়েছি। এর মধ্যে যদি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা বিধান করা না হলে আগামী ১৮ ডিসেম্বর থেকে আমরা আবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করব।’

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুই সদস্যের তদন্ত কমিটির সদস্যরা হলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক সালামত উল্লাহ ও সহকারী প্রক্টর লিটন মিত্র।

গত সোমবার স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে অনিয়মের অভিযোগ এনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের একাংশ। এ সময় মারধরের শিকার হন ডিন কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন। এ ঘটনার প্রতিবাদে সেদিনই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতি।