সরকারি বাসভবনে না উঠে গাইবান্ধা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাহার আলী তাঁর কার্যালয়ের একটি কক্ষ দখল করে বাস করছেন। ওই কক্ষেই সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষকদের সঙ্গে তিনি তদবিরের কাজ চালান বলে অভিযোগ উঠেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, আজাহার আলী ২০০২ সালের ১২ এপ্রিল জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে গাইবান্ধায় যোগদান করেন। প্রায় চার বছর পর ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি তিনি অন্য জেলায় বদলি হন। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর পুনরায় বদলি হয়ে গাইবান্ধায় যোগদান করেন তিনি। অল্প সময়ের ব্যবধানে জেলা পর্যায়ের কোনো কর্মকর্তার একই জায়গায় দ্বিতীয় দফায় সাধারণত বদলি হওয়ার ঘটনা ঘটে না। তখন থেকে চার বছর ধরে গাইবান্ধাতেই আছেন আজাহার আলী।
নাম প্রকাশ না করার শর্তে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, আজাহার আলী প্রথম দফায় গাইবান্ধায় এসে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এ সময় অনেক শিক্ষক-কর্মচারীর সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এ কারণে দ্বিতীয় দফায়ও তিনি গাইবান্ধায় বদলি হয়ে আসেন।
শুরু থেকেই আজাহার আলী গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডের তিনতলা ভবনবিশিষ্ট জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তৃতীয় তলায় বসবাস করছেন। প্রথম দফায় গাইবান্ধায় কর্মরত থাকাকালেও চার বছর তিনি এখানেই থাকতেন। তিনি সরকারি আসবাব ও কার্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, ওই কার্যালয়ের তৃতীয় তলায় পৃথক কোনো আবাসিক সংযোগ দেওয়া হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘তিনি আমাদের অফিসের বড়কর্তা। সরকারি জিনিসপত্র ও বিদ্যুৎ ব্যবহার করলেও আমরা কিছু বলতে পারি না।’ ওই কার্যালয়ের পাশেই থাকেন গাইবান্ধা যুব নাগরিক কমিটির আহ্বায়ক জিয়াউল হক। তিনি বলেন, শুক্র ও শনিবার বাদে প্রতিদিনই সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত শিক্ষা কার্যালয়ের সামনে ১০-১২টি মোটরসাইকেল থাকে। তিনতলার ওই কক্ষে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে আড্ডা চলে। এখানে শিক্ষক নিয়োগ, বিদ্যালয়ে শাখা খোলা প্রভৃতি নিয়ে দেনদরবার হয়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আজাহার আলী বলেন, ‘অফিসের কক্ষ দখল, আসবাব ও বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ সঠিক নয়। দিনে কার্যক্রম তদারকির জন্য বিভিন্ন বিদ্যালয়ে যেতে হয়। তাই কাজের সুবিধার জন্য অফিস কক্ষেই রাত্রি যাপন করছি। শিক্ষকদের সঙ্গে তদবির এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ ঠিক নয়।’
নাম প্রকাশ না করার শর্তে সাদুল্যাপুর উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের কাজে দিনে অফিসে গেলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাতে দেখা করতে বলেন। রাতে মোটা অঙ্কের টাকা ছাড়া তিনি কোনো ফাইলে স্বাক্ষর করেন না।
জেলা সরকারি বাসা বরাদ্দ কমিটির সদস্যসচিব ও গাইবান্ধা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা বলেন, সরকারি কোয়ার্টারে বাস করার জন্য জেলা সমন্বয় কমিটির সভায় কর্মকর্তাদের তাগাদা দেওয়া হয়ে থাকে। কিন্তু সরকারি বাসায় থাকলে বেতনের শতকরা ৪০ ভাগ কাটা হয়। তাই কর্মকর্তারা সরকারি বাসায় থাকতে চান না।