‘লাখো শহীদের আত্মদান-অফুরন্ত শক্তির আধার’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে কাল রোববার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ২৫ মার্চের শহীদদের স্মরণে অতিথিরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা জাতীয় সংগীত ও স্বাধীনতার গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে স্পন্দন।
উৎসবের উদ্বোধন করেন মধুর ক্যানটিনের সেই সময়কার পরিচালক ও ২৫ মার্চের গণহত্যার শিকার শহীদ মধুসূদন দের বড় মেয়ে প্রতিভা রাণী দে দাশ। তিনি বলেন, ‘চোখের সামনে বাবাকে ধরে নিয়ে যেতে দেখেছি। আমাদের হাজারো আকুতি উপেক্ষা করে পাকিস্তানি হানাদার বাহিনী বাবাকে ধরে নিয়ে যায়। পরে শুনেছি জগন্নাথ হলের মাঠে তাঁকে কবর দেওয়া হয়েছে। বাবার লাশটাও আমরা দেখতে পাইনি।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য ঝুনা চৌধুরী ও সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
পরে দলীয় সংগীত পরিবেশন করে উদীচী ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। একক সংগীতের পর দলীয় আবৃত্তি পরিবেশন করে শ্রুতিঘর ও প্রকাশ। শিশুতোষ পরিবেশনা ছিল মৈত্রী শিশু দলের। আর পথনাটক পরিবেশন করে রঙ্গপীঠ।
শহীদ মিনারের পাশাপাশি গতকাল ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চেও উৎসব শুরু হয়। সেখানে পঞ্চভাস্কর, ভিন্নধারা ও উজান দলীয় সংগীত পরিবেশ করে। দলীয় আবৃত্তি করে স্রোত ও সংবৃতা। একক আবৃত্তিতে ছিলেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও কাজী মদিনা। শিশুতোষ পরিবেশনা ছিল সপ্তকলির আসরের। দলীয় নৃত্য পরিবেশন করে বহ্নিশিখা ও নটরাজ। পথনাটক পরিবেশন করে নাট্যকথা।
আজ শনিবার দুই স্থানেই বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হবে।