স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য সবার আগে মানবিক ও সামাজিক উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। মানবিক ও সামাজিক উন্নয়ন না হলে অবকাঠামোগত উন্নয়ন অর্থহীন হয়ে পড়বে।
গতকাল রোববার বিকেলে ফরিদপুরে ভালোবাসি ফরিদপুর শীর্ষক এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এর আয়োজন করা হয়। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ যতই সম্পদশালী হোক না কেন, সামাজিক নিরাপত্তা ও নিশ্চয়তা না থাকলে জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। এ জন্যই প্রয়োজন মানবিক ও সামাজিক উন্নয়ন। ভালোবাসাহীন পৃথিবী কল্পনা করা যায় না। হিংসা দিয়ে গঠনমূলক কাজ হতে পারে না।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ এস এম আলী আহসান বলেন, গতকাল ১০০ প্রতিবন্ধীকে সুবর্ণ কার্ড দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার ২৫ হাজার ৫৮৫ জন প্রতিবন্ধীকে এ কার্ড দেওয়া হবে।