অবকাঠামো ও জনবল-সংকটে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অফিস সহকারীর অভাব এবং বিদ্যালয়ে অবকাঠামোগত সমস্যার কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এসব সমস্যার সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষক-অভিভাবকেরা।
কলমাকান্দা ও সদর উপজেলার অন্তত ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষক না থাকায় একসঙ্গে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে অনেককে। বিদ্যালয়ের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব সামলাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনায় নতুন জাতীয়করণ হওয়া বিদ্যালয় নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ২৯৪। এর মধ্যে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ আছে ১ হাজার ১৭২টি। বাকি ১২২টি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের অনুমোদিত পদ নেই। আর প্রধান শিক্ষকের অনুমোদিত ১ হাজার ১৭২টি পদের মধ্যে বিপরীতে কর্মরত রয়েছেন ৮০২ জন। বাকি ৩৭০টি সরকারি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। এ ছাড়া এসব বিদ্যালয়ে ৩৬৪টি সহকারী শিক্ষকের পদও শূন্য আছে। শিক্ষক-সংকটের ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া দুর্গাপুর, বারহাট্টা ও খালিয়াজুরিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং জেলার ১০টি উপজেলায় ২০টি উপজেলা
সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এইউইও) পদ শূন্য রয়েছে। ২০ জন কম্পিউটার কাম অফিস সহকারীর পদও শূন্য। জেলায় নিয়োগ না হওয়া এখনো অন্তত দুই শতাধিক প্যানেলভুক্ত শিক্ষক আছেন। শূন্য থাকা পদে এসব শিক্ষককে দ্রুত নিয়োগ দিলে সহকারী শিক্ষকের সংকট অনেকটাই কেটে যেত।
শিক্ষার্থীদের অভিভাবকেরা বলছেন, প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলো অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে। ফলে বিদ্যালয়গুলোতে পড়ালেখাসহ সব কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের হিসাব অনুযায়ী, এর মধ্যে সদর উপজেলায় ৩টি এইউইও, ৪৭টি প্রধান শিক্ষক; পূর্বধলায় ২ এইউইও, ৪০ প্রধান শিক্ষক; কলমাকান্দায় ২ এইউইও, ৪৮ প্রধান শিক্ষক; কেন্দুয়ায় ৪ এইউইও, ৬২ প্রধান শিক্ষক; বারহাট্টায় ২ এইউইও, ২৯ প্রধান শিক্ষক; মোহনগঞ্জে ২ এইউইও, ১৮ প্রধান শিক্ষক; আটপাড়ায় ২ এইউইও, ৪০ প্রধান শিক্ষক; দুর্গাপুরে ২ এইউইও, ২২ প্রধান শিক্ষক; মদনে ১ এইউইও, ৩৬ প্রধান শিক্ষক এবং খালিয়াজুরি উপজেলায় ২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিদ্যালয়গুলোতে বর্তমানে ৩ লাখ ৫০ হাজার ৫৬৮ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এর মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৯৪ জন ছাত্র ও ১ লাখ ৫০ হাজার ৫৬৮ জন ছাত্রী। এসব শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ৬ হাজার ১১৪ জন।
সদর উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আহম্মদ বলেন, ‘এখন আমি সহকারী ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। প্রশাসনিক দিক সামলানোর পর প্রতিদিন সাত-আটটা ক্লাস নেওয়া খুবই কষ্টকর। মাঝেমধ্যে একই সময়ে একাধিক ক্লাস নিতে হয়।’ তিনি আরও বলেন, তাঁর বিদ্যালয়ে তিনজন শিক্ষকের মধ্যে একজন দীর্ঘদিন ধরে চিকিৎসাজনিত ছুটিতে। শতাধিক শিক্ষার্থীকে তাঁদের দুজনকে চালাতে হচ্ছে। এ ছাড়া ১৯৭৩ সালে নির্মিত হওয়া জরাজীর্ণ বিদ্যালয় ভবনটি কর্তৃপক্ষ বছর চারেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।
কলমাকান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোজাম্মেল হক বলেন, ‘এখানকার ৪৮টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য। ৫টি এইউইও পদের বিপরীতে আছেন ৩ জন। কোনো অফিস সহকারী নেই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দিয়ে সবকিছু ঠিকভাবে করা যায় না। একদিকে এ অঞ্চলটি পাহাড়ি, অন্যদিকে আমাদের জনবল-সংকট থাকায় খুবই সমস্যা হচ্ছে। এ ছাড়া ২৫টি বিদ্যালয়ের ভবনও ঝুঁকিপূর্ণ। এগুলোর কোনোটার ছাদ চুঁইয়ে পানি পড়ে, কোনোটার ছাদের পলেস্তারা খসে পড়ছে। আমি জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ ও ভবন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছি।’
জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন, জেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার বিষয়টি বিভাগীয় উপপরিচালক, সংশ্লিষ্ট অধিদপ্তর ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুতই এর সমাধান মিলবে। এ ছাড়া পুল ও প্যানেলভুক্ত সহকারী শিক্ষকদের পর্যায়ক্রমে নিয়োগ হওয়ায় সহকারী শিক্ষকের সংকট কিছুটা কমছে।