বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক ছাত্রাবাসসহ অন্যান্য অবকাঠামো নির্মাণে ধীরগতি দেখে হতাশা প্রকাশ করেছেন নতুন উপাচার্য এস এম ইমামুল হক।
গত মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানেই তিনি এ হতাশা প্রকাশ করেন। পাশাপাশি সমস্যা সমাধানে মন্ত্রণালয়সহ সবার সহযোগিতা কামনা করেন নতুন উপাচার্য।
ইমামুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা আরও এক বছর আগে। কিন্তু অধিকাংশ কাজের এখনো ২০ থেকে ৩০ ভাগ অসম্পূর্ণ। এর ফলে শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তবে শিগগিরই ছেলেদের জন্য এক হাজার আসনের দুটি ছাত্রাবাস ও মেয়েদের জন্য ৫০০ আসনের ছাত্রাবাসের কাজ শেষ হবে। পরিবহন সংখ্যাও বাড়ানো হবে।
বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিনসহ আরও কিছু দায়িত্ব উপাচার্য পালন করছেন। এ বিষয়ে উপাচার্য বলেন, অধিকাংশ বিভাগে মেধাবী শিক্ষক থাকলেও অভিজ্ঞ শিক্ষকের অভাব রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপর কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রকসহ জ্যেষ্ঠ শিক্ষক নিয়োগ দেওয়া উচিত ছিল। কিন্তু তা না করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।
ইমামুল হক বলেন, দক্ষিণাঞ্চলের বাস্তবতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আগামী শিক্ষাবর্ষে প্রাণী ও মৎস্য বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান ও ইতিহাস বিভাগ চালু করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে স্থায়ীভাবে একটি অনুষদ পরিচালনার ঘোষণাও দিয়েছেন উপাচার্য। এই ক্যাম্পাস সিটি ক্যাম্পাস নামে পরিচালিত হবে।