অবকাঠামো নেই, তবু ট্রানজিট
>

*আশুগঞ্জ নৌবন্দরে ভাঙাচোরা ঘাট *খানাখন্দে সড়ক বেহাল *আশুগঞ্জ নৌবন্দরে নিজস্ব লোকবল নেই *মাশুল টনপ্রতি ১৯২ টাকা *প্রথম চালানে যাবে ১ হাজার টন স্টিল শিট *আজ ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন
পর্যাপ্ত অবকাঠামো-সুবিধা না থাকলেও আশুগঞ্জ নৌবন্দর দিয়ে নিয়মিত ট্রানজিট শুরু হচ্ছে। বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে পণ্য পরিবহন করতে যাচ্ছে ভারত। কলকাতা থেকে রওনা হয়ে এক হাজার টন ইস্পাতের পাত বা স্টিল শিট বোঝাই জাহাজ এমভি নিউটেক-৬ ইতিমধ্যে আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ট্রানজিটের উদ্বোধন করা হবে।
ট্রানজিটকে কেন্দ্র করে আশুগঞ্জ নৌবন্দরে তেমন অবকাঠামো গড়ে ওঠেনি। একটি ভাঙাচোরা পাকা ঘাট আছে। এমনকি পণ্য ওঠানো-নামানোর জন্য নেই কোনো ক্রেন; মাথায় করেই পণ্য ট্রাকে তোলা হয়। ঘাট এলাকায় একটি ছোট গুদাম ও দুটি কামরা থাকলেও সেখানে কেউ অফিস করেন না। ঘাট থেকে মূল সড়কে যাওয়ার জন্য আধা কিলোমিটার সংযোগ সড়কটি ভাঙাচোরা ও সরু; কোথাও কোথাও কাদা আর জলাবদ্ধতা। গতকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে এ চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় ট্রানজিট পণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যাচ্ছে। এ ট্রানজিটের জন্য কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে, আর আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে আগরতলা যাবে সড়কপথে। প্রতি টনে বাংলাদেশ মাশুল পেয়েছে ১৯২ টাকা। সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার ৫৭৪ টাকা মাশুল পেয়েছে বাংলাদেশ।
ত্রিপুরার একটি বেসরকারি প্রতিষ্ঠানের স্টিল শিটের চালান কলকাতা থেকে আগরতলায় পৌঁছে দেওয়ার ঠিকাদারি পেয়েছে বাংলাদেশের আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। ৩ জুন পণ্যবাহী জাহাজটি কলকাতা থেকে রওনা হয়। আশুগঞ্জ নৌবন্দরে আজ আনুষ্ঠানিকভাবে ট্রানজিটের উদ্বোধন করবেন নৌমন্ত্রী শাহাজান খান। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান ও ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত থাকার কথা রয়েছে। তবে মন্ত্রীর আগমন উপলক্ষে গতকাল দুপুর থেকে আশুগঞ্জ নৌবন্দর ও আশপাশের সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে।
অবকাঠামো নেই: প্রায় পাঁচ বছর আগে ২০১১ সালে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এ পথে তিনটি পরীক্ষামূলক চালানে লোহা ও লোহাজাতীয় পণ্য আগরতলায় গিয়েছিল। উদ্দেশ্য ছিল নৌ প্রটোকলের আওতায় বহুমাত্রিক পথে ভারতকে ট্রানজিট দেওয়া। পরীক্ষামূলক চালান পরিবহনের পর পর্যাপ্ত অবকাঠামো নেই বলে এ পথটি নিয়মিত করেনি বাংলাদেশ। তবে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ পথটি নিয়মিত করার তাগিদ দিয়ে আসছিল।
সরেজমিনে দেখা গেছে, পাঁচ বছরের ব্যবধানে আশুগঞ্জ নৌবন্দরের তেমন উন্নয়ন হয়নি বললেই চলে। পাঁচ বছর আগে আশুগঞ্জ নৌবন্দরে কোনো ঘাট বা জেটি ছিল না। ছিল না কোনো স্থায়ী কার্যালয়। পণ্য ওঠানো-নামানোর জন্য কোনো ক্রেন তো ছিলই না। তখনো সংযোগ সড়ক ছিল ভাঙাচোরা। পাঁচ বছরে সেই চিত্র খুব বেশি বদলায়নি। উন্নয়ন বলতে নৌবন্দরে ২০১৩ সালে একটি ছোট পাকা ঘাট তৈরি করা হয়েছে। গত তিন বছরে এ ঘাটের অনেক অংশ ভেঙে গেছে। ঘাট এলাকার ল্যাম্পপোস্টগুলোও নষ্ট হয়ে গেছে। এ ঘাটে স্থানীয় ব্যবসায়ীদের মালামালও খালাস হতে দেখা গেছে। পাঁচ বছর আগে কোনো গুদামঘর ছিল না। এখন একটি ছোট গুদামঘর করা হয়েছে। যে পাকা ঘাটে ট্রানজিটের পণ্য ওঠানো-নামানো করা হবে, সেখানে আলাদা কোনো বেষ্টনী নেই। গতকালও সেখানে অনুমোদিত বা বাইরের লোকের আনাগোনা বেশি ছিল। সড়কগুলো পাঁচ বছর আগের মতোই খানাখন্দে ভরা। আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম পরিচালনার জন্য আলাদা কোনো লোকবল নেই। ভৈরব নৌবন্দরের যে তিনজন লোক দিয়ে চলে, তাঁরাই আশুগঞ্জ নৌবন্দরের কার্যক্রম পরিচালনা করেন।
আশুগঞ্জ নৌবন্দরে শুল্ক বিভাগের কোনো কার্যালয় নেই। ব্রাহ্মণবাড়িয়ায় সদরে অবস্থিত শুল্ক বিভাগের কর্মকর্তারা আশুগঞ্জ এসে ট্রানজিটের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
অবকাঠামোর দুর্বলতা বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর পরিচালক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন মাঝেমধ্যে ট্রানজিট পণ্য খালাস হয়, তাই এ অবকাঠামোই যথেষ্ট। তবে পুরোদমে নিয়মিত ট্রানজিট চালু হলে এ অবকাঠামো দিয়ে কোনোমতেই কাজ চালানো সম্ভব হবে না। তিনি আরও বলেন, ভারতীয় ঋণের টাকা আশুগঞ্জে কনটেইনার টার্মিনাল হওয়ার কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। তাই দুই দেশের সম্পর্কের খাতিরে বিআইডব্লিউটিএ নিজের টাকা খরচ করে ট্রানজিটের জন্য এসব অবকাঠামো তৈরি করেছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে দুই দেশের সচিব পর্যায়ে সভায় কলকাতা-আশুগঞ্জ-আখাউড়া-আগরতলা পথটি ট্রানজিটের জন্য চূড়ান্ত করা হয়। গত ১৫ মে এ পথে আনবিস ডেভেলপমেন্ট লিমিটেডকে চালান নেওয়ার অনুমতি দেয় বিআইডব্লিউটিএ।
আনবিস ডেভেলপমেন্টের জাহাজ এমভি নিউটেক-৬-এর মাস্টার সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, বাংলাদেশের নদী সীমানায় আসার পর শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা বা মাশুল দিতেই চার দিন সময় লেগেছে। ৭ জুন বাংলাদেশের নৌসীমান্ত আংটিহারা এলাকায় এসে অপেক্ষা করতে হয়েছে। একজন কর্মী খুলনায় এসে মাশুল দেওয়ার পর জাহাজটি আশুগঞ্জের উদ্দেশে রওনা দেয়।
সড়ক বেহাল: আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কপথের দৈর্ঘ্য ৫২ কিলোমিটার। এই সড়কটি পণ্যবাহী ভারী যান চলাচলের জন্য উপযোগী নয়। বর্ষার কারণে সড়কে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শুধু আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত ১১ কিলোমিটার সিলেট মহাসড়কের অংশ হওয়ায় তা ভারী যান চলাচলের অনেকটা অনুপযোগী। আর বাকি ৪১ কিলোমিটার সড়ক কোথাও খানাখন্দে ভরা, আবার কোথাও এতটাই সরু যে দুটি গাড়ি পাশাপাশি পার হতে পারে না। এ সড়কের অনেক সেতু ও কালভার্ট বেশ পুরোনো।
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার। এ সড়ক ভাঙাচোরা, আর বেশ সরু। ব্রাহ্মণবাড়িয়া শহর পেরিয়ে রামরাইল, রাধিকা হয়ে সুলতানপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের অনেক স্থান ভাঙা এবং বড় বড় গর্তে ভরা। আর সুলতানপুর থেকে আখাউড়া পর্যন্ত সড়কটি বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ। এ সড়কের আলেকপুর ও চিনাইর এলাকায় দুটি সেতুর জরাজীর্ণ দশা। স্থলবন্দরসংলগ্ন নারায়ণপুর এলাকায় প্রায় ১০০ ফুট সড়ক দেবে গেছে।
মাশুল ১৯২ টাকা: আগে বিদ্যমান নৌ প্রটোকলের আওতায় নৌপথে ট্রানজিটের জন্য বার্ষিক থোক অর্থ দিত ভারত সরকার। কিন্তু এখন থেকে প্রতি টনে ১৯২ টাকা মাশুল দিতে হবে। কলকাতা-আশুগঞ্জ-আগরতলা এ পথে মোটাদাগে তিনটি সংস্থাকে মাশুল দিতে হবে। এর মধ্যে প্রতি টনে ১৩০ টাকা দিতে হবে শুল্ক কর্তৃপক্ষকে। প্রতি টনে ৫২ টাকা দিতে হবে সড়ক বিভাগকে, আর টনপ্রতি ১০ টাকা পাবে বিআইডব্লিউটিএ। এর বাইরে ট্রানজিট নেওয়া প্রতিষ্ঠান পণ্যের নিরাপত্তা চাইলে প্রতি টনে আরও ৫০ টাকা এসকর্ট মাশুল গুনতে হবে।
ভারত, নেপাল ও ভুটানকে সড়ক, রেল ও নৌপথে ট্রানজিট দিতে ২০১১ সালে ট্যারিফ কমিশনের তৎকালীন চেয়ারম্যান মজিবুর রহমানের নেতৃত্বে কোর কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সুপারিশ ছিল টনপ্রতি ১ হাজার ৫৮ টাকা মাশুল নেওয়া। কিন্তু এখন নেওয়া হচ্ছে সুপারিশের পাঁচ ভাগের কম।
ভারত যদি ট্রানজিট না নিয়ে কলকাতা থেকে শিলিগুড়ি (পশ্চিমবঙ্গ), শিলং (মেঘালয়) হয়ে সড়কপথে আগরতলায় পণ্য নেয়; তবে প্রায় ১ হাজার ৬০০ কিলোমিটারের মতো পথ পাড়ি দিতে হতো। কিন্তু ভারত বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট নেওয়ায় দূরত্ব দাঁড়ায় ৫০০ কিলোমিটারের মতো। ফলে টনপ্রতি ১৯২ টাকা মাশুল ফি দেওয়ার পরেও ভারত কম খরচে এখন থেকে পণ্য পাঠাতে পারবে।