ময়মনসিংহের নান্দাইল উপজেলার কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে (সিএইচসি) অবকাঠামোগত নানা সমস্যা বিরাজ করছে। এসব কারণে প্রান্তিক জনগোষ্ঠীর হাজারো মানুষ সেবা নিতে গিয়ে উল্টো দুর্ভোগের শিকার হচ্ছে।
গত দুই মাসে নান্দাইলের প্রায় ২০টির বেশি সিএইচসি ভবন পরিদর্শন করে দেখা গেছে, এগুলোর ভেতরে স্যাঁতসেঁতে অবস্থা। ভবনগুলোতে বিদ্যুতের সংযোগ নেই। শৌচাগার ব্যবহারের অনুপযোগী এবং নলকূপও অকেজো।
উপজেলা স্বাস্থ্য বিভাগের একাধিক সূত্র জানায়, ১৯৯৬-২০০১ আওয়ামী লীগ সরকারের মেয়াদাকালে নান্দাইলে ৩৪টি ভবন নির্মাণ করে সিএইচসি প্রকল্পের কাজ শুরু হয়। কিন্তু চারদলীয় জোট সরকারের আমলে এই প্রকল্প বন্ধ থাকায় প্রায় সাত বছর ভবনগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। ২০০৯ সালে এসব ভবন চুনকাম করে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার জন্য কমিউনিটি হেলথ প্রোভাইডার (সিএইচপি) নিয়োগ দেয় সরকার। পরে তাঁদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সিএইচসিতে পাঠানো হয়।
অরণ্যপাশা গ্রামে অবস্থিত সিএইচসি ভবনে কর্মরত সিএইচপি মানসুরা বেগম বলেন, বর্ষাকালে ভবনের ছাদ চুঁইয়ে পানি পড়ে। মেঝেতে বড় ফাটল দেখা দিয়েছে। আলমারি ভাঙা থাকায় ওষুধ ও খাতাপত্র রক্ষা করা যায় না।
সদ্য বদলি হয়ে যাওয়া নান্দাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেম বলেন, সমস্যাগুলো উল্লেখ করে সিএইচসির প্রকল্প পরিচালক বরাবরে চার মাস আগে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলছেন, কমিটির প্রতিটি সভায় এসব সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিদ্যুৎ-সংযোগের বিষয়টি সমাধানের জন্য পল্লী বিদ্যুৎ সমিতিকে বলা হয়েছে। তিনি আরও বলেন, ‘অবকাঠামোগত সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে আমি প্রকল্প পরিচালকের সঙ্গে কথা বলেছি। অচিরেই এসব সমস্যার সমাধান হবে।’