অবকাঠামো উন্নয়নসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১১টি জেলায় ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবকাঠামো উন্নয়নে এ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে ২০ দিনের মধ্যে হলফনামা আকারে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আইন প্রণয়ন ও ক্ষতিগ্রস্ত এলাকার অবকাঠামোগত উন্নয়নের নির্দেশনা চেয়ে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শহীদুল ইসলাম রিট দায়ের ও শুনানি করেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করে অন্তর্বর্তীকালীন আদেশ দেন।রুলে আদালত দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে আইলায় ক্ষতিগ্রস্ত ১৭৪২ কিলোমিটার বাঁধ, ছয় হাজার কিলোমিটার রাস্তা (আংশিক) ও সাড়ে চার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও পুনর্নিমাণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানাতে চাওয়া হয়েছে।একনেক, অর্থসচিব, পরিকল্পনাসচিব, দুর্যোগ ব্যবস্থাপনাসচিব, আইনসচিব, পানিসম্পদসচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালক ও পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।রিট আবেদনে বলা হয়, ২০০৯ সালের ২৫ মে দেশের ১১টি জেলার ৬৪টি উপজেলার ওপর আইলা (ঘূর্ণিঝড়) বয়ে যায়। জেলাগুলো হচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম। সরকারি হিসাব অনুসারে ঘূর্ণিঝড়ে ৩৯ লাখ ২৮ হাজার ২৩৮ জন ক্ষতিগ্রস্ত হয়। প্রায় দুই হাজার কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ছয় হাজার কিলোমিটার রাস্তা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এক হাজার ৭৪২ কিলোমিটার বাঁধ ধ্বংস হয়ে যায়। দেশের ৮২ শতাংশ ভূমি ভৌগোলিকভাবে বন্যাপ্রবণ।