নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের সুশাসন ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)। এ বিষয়ে গতকাল শুক্রবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের হলরুমে এক সভা হয়। সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহ কামালের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মুহামঞ্চদ হুমায়ুন কবীর, জাইকার আবাসিক প্রতিনিধি আগুয়া আর উইনসহ তাঁদের বিশেষজ্ঞ দলের সদস্য ও স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। মো. শাহ কামাল বলেন, গাজীপুর সিটি করপোরেশন কেমন হবে, তা নিয়ে সংশ্লিষ্ট সবার মতামত নেওয়া হয়। এতে জাইকার পরামর্শক দল তাদের পাঁচ বছর মেয়াদি উন্নয়ন প্রকল্প পরিকল্পনা নিয়ে আলোচনা করে। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ছয় শ কোটি টাকা ব্যয় হবে। আগামী ডিসেম্বর মাসে প্রকল্প পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পরে নির্বাচিত মেয়র ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ওই কাজ বাস্তবায়ন করবেন। প্রশাসক বলেন, অনুষ্ঠানে প্রাকৃতিক পরিবেশ নষ্ট না করে কীভাবে গাজীপুর সিটি করপোরেশনের উন্নয়ন করা যায়, তা নিয়েও আলোচনা হয়। এ ছাড়া উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থা, শিশুপার্ক, কমিউনিটি সেন্টার, গুরুত্বপূর্ণ স্থানে উড়ালসড়ক ও কবরস্থান নির্মাণ নিয়ে আলোচনা হয়। এ প্রকল্প বাস্তবায়নে জাইকা আর্থিক ও কারিগরি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কারিগরি সহায়তা দেবে।