অবকাঠামো নির্মাণকাজ পাঁচ মাস ধরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র অনুযায়ী কুষ্টিয়া মেডিকেল কলেজের অবকাঠামো নির্মাণকাজ গত জুনে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। প্রায় পাঁচ মাস ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। কবে আবার শুরু হবে তাও অনিশ্চিত।
ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রতিটি কাজের বিপরীতে প্রায় ২০ ভাগ অতিরিক্ত খরচ হচ্ছে। এ কারণে কাজ বন্ধ রয়েছে। তবে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তা পাস হলে আবার কাজ শুরু হবে।
জানতে চাইলে কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ওই আবেদন মন্ত্রণালয়ের পরিকল্পনা বোর্ডে পাস হবে। এতে একটু সময় লাগতে পারে।
মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০১১ সালে ৫০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের যাত্রা হয়। সে সময় কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট ভবনে অস্থায়ী কার্যালয় ও তিনটি শ্রেণিকক্ষ নেওয়া হয়। বর্তমানে ২৫০ জন শিক্ষার্থী রয়েছেন। এ বছর আরও ৫০ জন ভর্তি হবেন। শিক্ষার্থীরা গণপূর্তের তিনটি ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দুটি ভবনে অস্থায়ীভাবে আছেন।
গত ১ আগস্ট নির্মাণ-সংক্রান্ত তথ্য জানতে চাইলে গণপূর্ত অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন লিখিতভাবে আবেদন করতে বলেন। সেই দিনই আবেদন করা হয়। তিনি ৬ অক্টোবর অন্য এক কর্মকর্তার মাধ্যমে লিখিত আবেদনের আংশিক তথ্য দেন। তথ্য অনুযায়ী, ২০১৩ সালে শহরের লাহেনীপাড়া এলাকায় ২০ একর ভূমিতে নির্মাণকাজ শুরু হয়। প্রথম পর্যায়ে প্রায় ২৯ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে শিক্ষার্থীদের জন্য দুটি হোস্টেল ও পৌনে পাঁচ কোটি টাকা ব্যয়ে পুরুষ ও নারী চিকিৎসকদের জন্য দুটি আবাসিক ডরমিটরি ভবনের কাজ শুরু হয়। নির্মাণ শেষে জুনের মধ্যে এসব ভবন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা ছিল।
নাম প্রকাশ না করার শর্তে গণপূর্ত অধিদপ্তরের কুষ্টিয়া কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ভবনগুলোর নির্মাণকাজ ৯০ ভাগ শেষ হয়েছে। সীমানাপ্রাচীর এবং পুরো এলাকা ২০ ফুট উচ্চতায় বালু ভরাট ও অভ্যন্তরীণ সড়ক নির্মাণের কোনো দরপত্র এখনো আহ্বান করা হয়নি। তিনি আরও বলেন, ২০০৮ সালে মেডিকেল কলেজের ডিপিপি তৈরি করা হয়। দরপত্র আহ্বান করা হয় ২০১৩ সালে। দরপত্র অনুযায়ী সব কাজ হচ্ছে। কিন্তু ইতিমধ্যে নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কাজ শেষ করতে সময় লাগছে।
চিকিৎসক ডরমিটরি ও শিক্ষার্থী হোস্টেল নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স্বামীর হোসেন বলেন, টাকা না থানায় আপাতত কাজ বন্ধ রয়েছে। একই কারণে একাডেমিক ভবন নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ বন্ধ রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন মোল্লা বলেন, অস্থায়ী ক্যাম্পাসে কোনোরকমে কার্যক্রম চালিয়ে নেওয়া হচ্ছে। তবে ষষ্ঠ ব্যাচ ভর্তি হলে শিক্ষার্থীদের চরম সমস্যা হয়ে যাবে।