নির্জন বনের ভেতর ঝরনা থেকে লাফিয়ে পড়ছে জল। সেই জলপতনের গমগম আওয়াজ টিলায় টিলায় প্রতিধ্বনিত হচ্ছে। চারপাশে পাখপাখালির ডাক। বন্য প্রাণীর বিচরণ। ঝিঁঝিপোকার শব্দতরঙ্গের আরণ্যক পরিবেশ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের হামহাম জলপ্রপাতের এই প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এখানে পর্যটকদের আকর্ষণ ও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্থানীয় প্রশাসন থেকে চিন্তাভাবনা শুরু হয়েছে। পরিবেশ সচেতন লোকজনের আশঙ্কা, জলপ্রপাতের কাছে অবকাঠামোগত উন্নয়ন ও যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করা হলে স্থানটির ‘ইকো সিস্টেম’ ভেঙে পড়বে। স্থানটিতে যাওয়ার জন্য কাঁচামাটির সরু পথ ছাড়া আর কিছু করা হলে সেটা হবে প্রাকৃতিক পরিবেশের জন্য ধ্বংসাত্মক।এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বন বিট এলাকায় হামহাম জলপ্রপাতটি প্রবাহিত হচ্ছে। কিন্তু বনের গভীরে অবস্থিত বলে এত দিন আদিবাসী ত্রিপুরা জনগোষ্ঠীর বাস তৈলংছড়ার বাসিন্দা ও বন বিভাগের লোকজন ছাড়া জলপ্রপাতটি অন্যদের চোখে পড়েনি। সম্প্রতি এই জলপ্রপাতটি সাধারণ পর্যটকদের কাছে উন্মোচিত হয়েছে। স্থানটি দুর্গম পাহাড়ি এলাকা। জলপ্রপাতের কাছে যাওয়ার সহজ কোনো রাস্তা নেই। চাম্পারায় চা-বাগান পর্যন্ত পাকা রাস্তা রয়েছে। সেখান থেকে কুরমা বনের ভেতর দিয়ে উঁচুনিচু টিলা, পিচ্ছিল পথ ও ছড়ার (পাহাড়ি খাল) পানি ভেঙে প্রায় আট কিলোমিটার হেঁটে জলপ্রপাতের কাছে পৌঁছাতে হয়। অনেকেই এই স্থানটিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতের মতো আরেকটি পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা যাবে বলে মনে করছেন। এ ক্ষেত্রে স্থানীয় উপজেলা প্রশাসন হামহাম জলপ্রপাতের স্থানটির অবকাঠামোগত উন্নয়ন নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। আগামী শুকনো মৌসুম এলেই উন্নয়নকাজে হাত দেওয়ার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী গত শনিবার প্রথম আলোকে বলেন, ‘স্থানটি খুবই দুর্গম। আমাদের চিন্তা হচ্ছে পর্যটকদের যতটুকু সম্ভব সুবিধা প্রদান করা যায়, সেটা করা। তবে তা করা হবে পরিবেশের ক্ষতি না করেই।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন তাঁদের পরিকল্পনার মধ্যে আছে হামহাম পর্যন্ত যাতায়াতের সুবিধার্থে একটি রাস্তা তৈরি করা। পর্যটকদের জন্য শৌচাগার ও ছোটখাটো একটি রেস্টহাউস নির্মাণ করা। আগামী শুকনো মৌসুম এলেই তা বাস্তবায়ন করা হবে।