অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বিশেষ করে আকাশ, রেল ও নৌযোগাযোগ খাতে চীনের সহযোগিতা অব্যাহত রাখতে সফররত চীনা ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সৌজন্য সাক্ষাতের সময় বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান। খবর ইউএনবি ও বাসসের।সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী বৈঠকের সময় দুই নেতা উভয় দেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।বৈঠকে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিশ্বব্যাপী নৌবাণিজ্য সম্প্রসারণে কক্সবাজারের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর স্থাপনে চীনের সহযোগিতা চেয়েছেন খালেদা জিয়া। শি জিনপিংও এ আহ্বানে ইতিবাচক সাড়া দেন। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া। বৈঠকে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, খালেদা জিয়া ঢাকা-কুনমিন সড়কযোগাযোগ স্থাপনে চীনের সহযোগিতা কামনা করেছেন। স্পিকারের সাক্ষাৎ: জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ বলেছেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম উন্নয়ন অংশীদার। শি জিনপিংয়ের সঙ্গে স্থানীয় একটি হোটেলে বৈঠককালে স্পিকার এসব কথা বলেন।জাতীয় স্মৃতিসৌধে: শি জিনপিং গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।জিনপিংয়ের ঢাকা ত্যাগ: দুই দিনের সরকারি সফর শেষে গতকাল বেলা তিনটায় শি জিনপিং ঢাকা ত্যাগ করেন।