অবকাঠামোর উন্নয়নে স্পিকারের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন শারমিন চৌধুরী
শিরীন শারমিন চৌধুরী

অপর্যাপ্ত অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোর ঘাটতি ও ধীরগতির নগরায়ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। এমন আশঙ্কা স্পিকার শিরীন শারমিন চৌধুরীর। তাই ভবিষ্যৎ​ উন্নয়ন নিশ্চিত করতে অবকাঠামোর ঘাটতি পূরণে এ অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও বাংলাদেশ জাতীয় সংসদ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে।

‘উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ’ শীর্ষক এ কর্মশালায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর সাংসদেরা অংশ নিচ্ছেন। সম্প্রতি স্পিকার সিপিএর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতির জন্য বাজেট-ঘাটতিও একটি বড় সমস্যা। এ ছাড়া এ অঞ্চলের উন্নয়নের স্বার্থে আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইএমএফের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা ফ্রাঞ্জ হেনে ও সিপিএর সহকারী পরিচালক লুচি পিকেলস।