রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে আলোচকেরা বলেছেন, নারীর প্রজনন স্বাস্থ্য ও অধিকারের ক্ষেত্রে অবকাঠামো, নীতি ও আইনের কমতি নেই। কমতি আছে নজরদারি ও জবাবদিহির। বেসরকারি পর্যায়ের স্বাস্থ্য ব্যবস্থাপনা বেশি প্রাধান্য পাওয়ায় স্বাস্থ্যসেবা দিনে দিনে পণ্যে পরিণত হয়েছে।
>মাতৃমৃত্যুর পূর্ণাঙ্গ তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। ফলে মাতৃমৃত্যুর আসল হার কত, তা নিয়ে একধরনের ধোঁয়াশা থেকে যাচ্ছে
গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে ‘নারীর প্রজনন স্বাস্থ্য ও অধিকার সুরক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। জাতীয় মানবাধিকার কমিশন এ সেমিনারের আয়োজন করে। এতে সহায়তা করে নারী সংগঠন নারীপক্ষ। সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য অধ্যাপক মাহফুজা খানম।
মূল প্রবন্ধে নারীপক্ষের সদস্য সামিয়া আফরীন বলেন, মাতৃমৃত্যুর পূর্ণাঙ্গ তালিকা যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে না। ফলে মাতৃমৃত্যুর আসল হার কত, তা নিয়ে একধরনের ধোঁয়াশা থেকে যাচ্ছে। গত বছর থেকে চলতি বছরের জুন পর্যন্ত বরিশাল বিভাগের চারটি জেলার নয়টি উপজেলার নয়টি ইউনিয়নে নিজেদের করা গবেষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ১১৫ জন মায়ের মধ্যে ৫৪ জনই বাড়িতে সন্তান প্রসব করেন। আর ৩৭ জন মা বেসরকারি ক্লিনিকে সন্তান প্রসবের জন্য যান। অর্থাৎ অবকাঠামোর অভাব না থাকলেও সরকারি হাসপাতাল ও কেন্দ্রে মায়েরা সেবা নিতে কম যান।
সেমিনারের প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, মাতৃমৃত্যু রোধসহ বিভিন্ন ক্ষেত্রেই শ্রীলঙ্কা বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। বাংলাদেশে স্বাস্থ্য পণ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, শিক্ষা ও চিকিৎসার বেসরকারীকরণ হওয়া উচিত নয়।
আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান মাতৃমৃত্যুর হার এখনো উদ্বেগজনক উল্লেখ করে বলেন, মা যখন অসুস্থ থাকেন, তখন গোটা পরিবার অসুস্থ থাকে। একইভাবে মা ভালো না থাকলে দেশ ও রাষ্ট্র ভালো থাকবে না।
একাধিক আলোচক বলেন, নারীর প্রজনন স্বাস্থ্য মানেই সন্তান জন্মদান-প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত স্বাস্থ্য নয়। এ ছাড়া কিশোরী
স্বাস্থ্য, বিশেষ করে যৌন স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানোর ওপর তাঁরা জোর দেন। তাঁরা বলেন, প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় সমন্বিতভাবে অগ্রসর হতে হবে।
কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক মাখদুমা নার্গিস, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের আবাসিক প্রতিনিধি হালিদা আখতার হানুম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএই-সার্ভিস) মোহাম্মদ শরীফ, নারীপক্ষের সদস্য ইউ এম হাবিবুন নেসা আলোচনায় অংশ নেন। সভা শেষে ধন্যবাদ দেন মানবাধিকার কমিশনের সদস্য আরমা দত্ত।