অবকাশ যাপনের সুযোগ নেই পাবনাবাসীর
সাপ্তাহিক ছুটির দিন। তাই ছেলেমেয়ে নিয়ে গত শুক্রবার ঘুরতে বেরিয়েছিলেন পাবনা জেলা স্কুলের শিক্ষক মইনুল হক। সন্তানদের নিয়ে আর কোনো বেড়ানোর জায়গা না পেয়ে গিয়েছিলেন শহরের শেখ রাসেল শিশুপার্কে। কিন্তু সেখানকার পরিবেশেও ভালো লাগেনি। শেষে আনন্দের বদলে মন খারাপ করে বাড়ি ফেরেন সন্তানদের নিয়ে।
মইনুল হকের মতো পাবনা শহর ও আশপাশের এলাকায় বসবাসরত কয়েক লাখ মানুষের সমস্যা এটি। জেলায় অনেক কিছু থাকলেও শিশু-তরুণ, যুবক-বৃদ্ধ কারও অবসর কাটানোর মতো রুচিশীল কোনো ব্যবস্থা নেই।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, জেলা প্রশাসন কার্যালয়ের সামনে দেয়ালঘেরা ছোট্ট একটি জায়গায় তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’। এই স্মৃতিস্তম্ভকে ঘিরেই দুটি রাইডস নিয়ে ছোট্ট একটি উদ্যান। নাম ‘শেখ রাসেল শিশুপার্ক’। এর মধ্যেই বেলুন, বাদাম, খেলনা নিয়ে বসে গেছেন দোকানিরা। চার পাশে নোংরা হয়ে আছে পরিবেশ। কিছু লাইটপোস্ট আছে। কিন্তু সেগুলোতে বাতি নেই। দুটি রাইডেরই ইলেকট্রনিক যন্ত্র নষ্ট। দুই ব্যক্তি হাত দিয়ে ঘোরাচ্ছেন সেগুলো।
শহরের মহিলা কলেজ সড়কের এক চায়ের দোকানে আড্ডারত রাকিব শান্ত (২৪) নামের এক তরুণ বলেন, ‘আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাই বাধ্য হয়ে এখানে আড্ডা মারি।’
শহরের দিলালপুর মহল্লার প্রবীণ ইয়াছিন আলী বলেন, ‘শহরে একটু বসার মতো জায়গা নেই। বিকেলে যে বাড়ি থেকে বেরিয়ে খোলা বাতাসে একটু শান্তিতে ঘুরব, তার উপায় নেই। তাই বাধ্য হয়ে চায়ের দোকানে বসে সময় কাটাই।’
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, পাবনা জেলার আয়তন ২ হাজার ৭৩১ দশমিক ৫০ বর্গকিলোমিটার। উপজেলা নয়টি। শিশু-বৃদ্ধ মিলে লোকসংখ্যা ২২ লাখ ৬০ হাজার ৫৪০।
জেলা সদর ও এর বাইরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪০টি মাঠ। এ ছাড়া জেলা শহরে তিনটি পাবলিক লাইব্রেরি, পৌরসভার একটি মুক্তমঞ্চ ও জেলা পরিষদের একটি ছোট্ট শিশুপার্ক রয়েছে।
এ ছাড়া ঈশ্বরদীতে একটি বেসরকারি রিসোর্ট ও কিছু দর্শনীয় স্থান রয়েছে।
পাবনা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের মিয়া বলেন, সঠিক বিনোদন ও খেলাধুলার সুযোগ না থাকলে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয়। লেখাপড়া ও আত্মনির্ভরশীলতা ব্যাহত হয় ও উদ্ভাবনী ক্ষমতা হ্রাস পায়। একইভাবে তরুণেরা তাঁদের মানসিক শক্তিকে ভালো কাজে লাগাতে না পেরে মাদক ও সন্ত্রাসের মধ্যে আনন্দ খুঁজে নেয়। ঘরবন্দী থাকলে বয়োজ্যেষ্ঠদের মানসিক চাপ বাড়ে।
পাবনা পৌর মেয়র কামরুল হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা একটি শিশুপার্ক তৈরির চেষ্টা করছি। জায়গাও ঠিক করা আছে। কিন্তু অর্থসংকটে কাজটি হচ্ছে না।’
জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ‘জেলার শিশু-তরুণ ও বয়োজ্যেষ্ঠদের বিনোদনের এ সমস্যা নিয়ে আমরাও চিন্তিত। শহরের পাশে প্রায় ২০ একর জমি নিয়ে আমরা একটি প্রকল্প তৈরি করেছি। ওই প্রকল্পে শিশু, তরুণ ও বৃদ্ধদের অবকাশ যাপন এবং বিনোদনের ব্যবস্থা থাকবে। প্রকল্পটি অনুমোদনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।’