
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের ওপর অবকাশের পর আবার হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার ১৬তম দিনের মতো শুনানি গ্রহণ করেন। আগামীকাল বুধবার দুপুর দুইটায় শুনানির জন্য সময় রাখা হয়েছে।
ওই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর ১২ জুলাই এই বেঞ্চে শুনানি শুরু হয়। ১৩ আগস্ট ১৫তম দিনের শুনানি নিয়ে আদালত ২ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এরপর আজ শুনানি গ্রহণ করেন আদালত। মাঝে ১৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি চলে।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। এর আগে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী কায়সার কামাল স্বল্প সময়ের জন্য শুনানি মুলতবি চান। পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়ার করা আপিলের সঙ্গে তাঁর সাজা বাড়ানোর প্রশ্নে রুলও শুনানির জন্য রয়েছে। সাজা বাড়ানোর গ্রহণযোগ্যতার ও আপিলের বিষয়বস্তুর ওপর শুনানি করেছি। তবে শুনানির সময় থেকে শুরু করে বিচারপতিদের আদালত ত্যাগ করা পর্যন্ত খালেদা জিয়ার আইনজীবীরা কেউ উপস্থিত ছিলেন না। আদালত বুধবার বেলা দুইটা পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।’
আইনজীবী কায়সার কামাল বলেন, দুপুরে স্বল্প সময়ের জন্য শুনানি মুলতবি চাওয়া হয়েছিল। কারণ অপর একটি বেঞ্চ বিএনপি চেয়ারপারসনের চিকিৎসাসেবা নিয়ে রিট শুনানির জন্য ছিল। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাই তাঁর চিকিৎসাসেবা জরুরি। এই রিটের শুনানি শেষে করে ওই বেঞ্চে যেতে যেতে বিচারপতিরা এজলাস ত্যাগ করেছেন।
এ দিকে কারাগারে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ আবেদনের ওপর শুনানি হয়েছে।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। শুনানি নিয়ে আদালত আগামীকাল বুধবার বেলা দুইটায় পরবর্তী শুনানির জন্য সময় রেখেছেন বলে জানান মোখলেছুর রহমান। ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিটটি করেন।
অন্যদিকে নাশকতার অভিযোগে কুমিল্লায় করা এক মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ আবেদনটি দায়ের করেন আইনজীবী কায়সার কামাল। পরে কায়সার কামাল প্রথম আলোকে বলেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শিগগিরই এই আবেদনের ওপর শুনানি হবে বলে আশা করছি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কিছু যান ভাঙচুরের ঘটনায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রাম থানায় একটি মামলা করে পুলিশ। এই মামলায় গত ১২ সেপ্টেম্বর খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ। এর বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন করেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এর পর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।