অবকাশযাপন কেন্দ্রের কর্মচারী অপহূত
বান্দরবান শহরতলির বেসরকারি অবকাশযাপন কেন্দ্র (রিসোর্ট) ‘শাকুরা ভিলেজ’ থেকে গত শুক্রবার ওমর ফারুক নামের এক কর্মচারীকে অস্ত্রধারী দুর্বৃত্তরা অপহরণ করেছে। ওই অবকাশযাপন কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন, মুঠোফোনে তাঁর মুক্তিপণ হিসেবে দুর্বৃত্তরা ৫০ লাখ টাকা দাবি করেছে।তবে শাকুরা ভিলেজের মালিক কলিমুল্লাহ কিসলু গতকাল শনিবার দুপুরে বান্দরবান প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর কাছে এখনো কেউ মুক্তিপণ দাবি করেনি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। অপহূত কর্মচারীর সঙ্গে অন্য কারও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন পর্যটক জানান, দুর্বৃত্তরা পর্যটকদের সবাইকে যাঁর যাঁর কটেজে ঢুকতে বলে। আতঙ্কিত হয়ে তাঁরা সবাই কটেজে ঢুকে আলো নিভিয়ে রাত কাটিয়েছেন। অবকাশযাপন কেন্দ্রের ব্যবস্থাপক ফকরুল ইসলাম জানান, দুর্বৃত্তরা বান্দরবান-চিম্বুক সড়ক হয়ে ভিলেজের প্রধান দরজা দিয়ে ঢোকে। তারা অভ্যর্থনা হলে তত্ত্বাবধানকারী ও পাচক (সুপারভাইজার কাম কুক) ওমর ফারুককে পেয়ে ধরে নিয়ে যায়।