অবক্ষয়ের সঙ্গে যুক্ত হয়েছে অস্থিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

আমাদের আশপাশে যেসব অস্বাভাবিক মৃত্যু ও খুনের ঘটনা ঘটছে, তা নিয়ে মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ গবেষণা করা উচিত। আমাদের সত্যি জানা দরকার, কেন এমন হচ্ছে। তবে দীর্ঘদিনের সাধারণ পর্যবেক্ষণ থেকে এটা বলা যায় যে মূল্যবোধের ক্রমাগত অবক্ষয় আমাদের খাদের কিনারে এনেছে। পরিবারে, সমাজে, শিক্ষাঙ্গনে ও রাজনীতিতে এই অবক্ষয় আমরা দেখে আসছি। অবক্ষয়ের ভয়াবহতা এসব মৃত্যুর মধ্য দিয়ে প্রকাশ পায়।
অবক্ষয়ের সঙ্গে যুক্ত হয়েছে অস্থিরতা। একদল তরুণ শিক্ষা পাচ্ছে না। শিক্ষা পাওয়া অন্য একদল তরুণ শিক্ষা শেষে কাজ পাচ্ছে না। তরুণদের একটি দল মাদকের পথে হাঁটছে। এসবের সঙ্গে যুক্ত হয়েছে আকাশ সংস্কৃতি। অনাচার, অবক্ষয়, বিবাহ-বহির্ভূত সম্পর্ক—এসব সামাজিক ব্যাধিই আকাশ সংস্কৃতির অন্যতম উপজীব্য। এতে আসক্ত বস্তিবাসী, মধ্যবিত্ত, ধনী সবাই।

সামাজিক যোগাযোগমাধ্যম বা নতুন প্রযুক্তিকে অস্বীকার করার কোনো যুক্তি নেই। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের সমাজের নারীদের বিরুদ্ধেই বেশি ব্যবহৃত হচ্ছে।

আমি শিক্ষাকর্মী। শিক্ষার কথাই ধরা যাক। শিক্ষা হয়েছে পরীক্ষাকেন্দ্রিক। সবকিছুর ওপর কোচিং ও গাইডবুক। সামর্থ্য থাক আর না-ই থাক, রিকশাওয়ালা ছেলেমেয়েকে কোচিংয়ে দিচ্ছে, ধনী ব্যবসায়ীও দিচ্ছে। কী শিখছে এদের কেউই তা দেখছে না। একইভাবে শিক্ষকদের কথাই ধরা যাক। শ্রেণিকক্ষে তাঁদের নৈতিকতার শিক্ষা দেওয়ার কথা। তাঁরা তা দিচ্ছেন না। শিক্ষার্থীরা শিক্ষকদের অনৈতিকতা দেখছে। ছেলেমেয়ে পরিবারে বাবা-মায়ের অনৈতিকতা দেখছে। এটাই যুগের তাল।


প্রশ্নপত্র ফাঁস, ব্যাংক ডাকাতি বা খুন—মানুষ ধরেই নেয়, এসবের পেছনে ক্ষমতাবান ব্যক্তি বা রাজনীতিক, তাই বিচার হবে না। অনেকে ক্ষমতাবান হতে চায়, বেছে নেয় অনৈতিক পথ। সমাজের বড় অংশ যেন এ পথেই হাঁটছে।
শেষ বিচারে পথ হচ্ছে শাশ্বত কিছু মূল্যবোধ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ। পারিবারিক বন্ধন বাড়াতে হবে, শিশুকে মমতা দিয়ে বড় করতে হবে। মূল্যবোধের শিক্ষা হতে হবে শিক্ষাঙ্গনে। উন্নত নৈতিকতার পরিচয় দিতে হবে রাজনীতিকদের। এই পথে হাঁটলে এমন খুনের, এমন মৃত্যুর খবর আমাদের কম শুনতে হবে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা