অবক্ষয় ঠেকাতে পারে নৈতিক শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ তানভীর কায়ছার
মোহাম্মদ তানভীর কায়ছার

নবজাতককে উঁচু দালান থেকে ছুড়ে ফেলে হত্যা করল কিশোরী মা। দুই বছর আগের কথা মা-বাবাকে অজ্ঞান করে হত্যা করল বখে যাওয়া সন্তান। ধনীর দুলাল মাতাল অবস্থায় গাড়িচাপা দিয়ে খুন করল দুটি তাজা প্রাণ। আর ধর্ষণচেষ্টার পর নুসরাতকে অগ্নিদগ্ধ করে হত্যা করল তথাকথিত শিক্ষিত কিছু নরপশু। এসব খবরের খণ্ডিত চিত্র মাত্র।

পত্রিকার পাতা ওলটালেই খুন-ধর্ষণ-গুম হররোজ হচ্ছে। তার কটিই বা আসছে খবরে? কী নির্মম—বলেই কেটে পড়ছি আমরা।

ভাবছি দেশে সরকার আছে তারা বুঝবে। ফেসবুকে কয়টা তথ্য শেয়ার করে দায় সারছি আমরা। ওই দিকে প্রবৃদ্ধি, রেমিট্যান্স, জাতীয় আয়, শিক্ষার হার, অবকাঠামোর উন্নয়ন সূচক বাড়ার খবরে পুলকিত হচ্ছি এবং তৃপ্তির ঢেকুর তুলছি। অট্টালিকায় শুয়ে পোকামাকড় কামড়ালে কি ভালো ঘুম আসে? বর্তমান ভাবিত করছে এক ভয়ানক ভবিষ্যৎ বাস্তবতাকে। সরকারকে দায় দিয়ে আজ পর্যন্ত কি কোনো সমাধান এসেছে? নাকি সম্ভব? ভিন্ন চিত্র ভাবুন! জাপানিরা সময়ের আগে কাজ শেষ করে উল্টো ৭০০ কোটি টাকা ফেরত দিয়ে গেছে। বিস্ময়ের সঙ্গে মুগ্ধতা শেয়ার করছি। অথচ মোটা দাগে এটাই স্বাভাবিক। ওদের দেশে করলে ভাবতাম কঠোর আইন ও শৃঙ্খলা বাধ্য করছে। কিন্তু আমাদের দেশে যেখানে উল্টোটাই স্বাভাবিক সেখানে বুঝতে হবে এই সততার মূলে রয়েছে নৈতিক শিক্ষা। শিক্ষার মূল উদ্দেশ্য যদি চাকরি আর সার্টিফিকেট বানানো হয় তবে এই পদ্ধতির ভিন্ন একটি নাম হওয়া উচিত। জাপানের শিক্ষাব্যবস্থার খোঁজ নেন। নৈতিকতা, নাগরিক হিসেবে দায়িত্ব, মানবিকতা, শৃঙ্খলাবোধ শিক্ষার প্রারম্ভিকা বিবেচনা করা হয়। শিশুকাল থেকেই তার দীক্ষা হয়। আসলে শিক্ষার উদ্দেশ্য কিন্তু তাই। কিন্তু আমাদের শিক্ষাব্যবস্থা মানেই বোঝানো হয় চাকরিনির্ভর বা সামাজিক কিছু সূচক বিবেচনায় সব মানুষ তৈরির কারখানা। কারিকুলামে নৈতিক শিক্ষার গুরুত্ব বা পাঠ অন্তর্ভুক্ত যতটুকু হচ্ছে তার বাস্তব প্রয়োগ চোখে পড়ার মতো কই? বস্তুত গোটা সমাজ হয়ে উঠছে আত্মকেন্দ্রিক। বলতে গেলে চাকরিনির্ভর পাঠদানকে কেন্দ্র করে গড়ে উঠছে আমাদের পাঠ ও পঠন। শিশুদের অহেতুক প্রতিযোগিতার দিকে ঠেলে দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও জটিল করে তোলা হচ্ছে। যার ফলে নকল ও প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধকে শিশুকাল থেকে ডালভাত বিবেচনা করে এগোচ্ছে একটা প্রজন্ম। উচ্চশিক্ষায় গুরুত্ব হারাচ্ছে নীতি বিদ্যা বা মৌলিক বিষয়গুলো, যেগুলো চাকরি বা তথাকথিত সফল মানুষ গড়ার চেয়ে মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্ব আরোপ করে। আমরা আগ্রহী এখন ফলাফলে। আশার বিষয় হচ্ছে শিশুদের পরীক্ষা বা প্রতিযোগিতার চাপ থেকে কিছুটা মুক্তভাবে শিক্ষণের নিমিত্তে সরকার প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিক পর্যন্ত পরীক্ষা বাদ দিচ্ছে। সাধুবাদ জানাই এই উদ্যোগের। চাই তার কার্যকর প্রয়োগও এবং সঙ্গে চাই কারিকুলাম আরও বিজ্ঞানসম্মত ও আধুনিক শিক্ষাব্যবস্থার প্রতিফলন হয়ে উঠুক। নৈতিক ও মানবিক বোধ সম্পর্ক জাতি গঠন করতে গেলে শিশুদের মাঝে নৈতিক বোধ সৃষ্টি করতে হবে সবার আগে। সেবার মনোভাব, সৃজনশীলতা এবং মানবিক বোধের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়ন করতে হবে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নৈতিক শিক্ষার আরও গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে তথাকথিত ফলাফলনির্ভর শিক্ষাব্যবস্থায় যেমন দক্ষ মানবসম্পদ সৃষ্টি সম্ভব নয়, তেমনি সম্ভব নয় সুস্থ বোধ সম্পন্ন শিক্ষিত মানুষ সৃষ্টি। উন্নয়নের সঙ্গে সঙ্গে চাই আমাদের উচ্চ নৈতিকতা বোধ সম্পন্ন একটি জনগোষ্ঠীও। না হলে উন্নয়ন বা আধুনিকতার সুফল আমরা পাব কী করে? সময় এসেছে বিষয়গুলো নিয়ে ভাবার। শিক্ষার মূল উদ্দেশ্যের সঙ্গে সংগতি রেখে আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিশুকাল থেকে যদি এমন মানুষের মনোবিকাশ সম্ভব হয়, তবেই সম্ভব সুশিক্ষিত জাতি গড়ে তোলা।

¯স্রোতে গা ভাসানো শিক্ষাব্যবস্থা নয় বরং নৈতিকতা, জাতীয়তা ও মানবতা বোধকে সামনে রেখে কারিকুলামকে ঢেলে সাজাতে হবে। বিশ্বায়নের প্রভাব ধীরে ধীরে বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটালাইজেশন হচ্ছে। এদের সুফল পেতে হলে চাই নৈতিকতাবোধ সম্পন্ন প্রজন্ম। অন্যথায় বিশ্বায়ন বা আধুনিকতার নিয়ন্ত্রণ ভুল মানুষের হাতে গেলে আমাদের জীবন হয়ে উঠবে আরও সংকটময় ও অসহনীয়। বিষয়টি নিয়ে সিরিয়াস হতে হবে এখন থেকেই। দক্ষ মানব শক্তির সঙ্গে নৈতিকতাবোধ সম্পন্ন একটি প্রজন্মই পারে বিকৃত মানবিকতা ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিষেধক ও প্রতিরোধ হতে। মোটকথা, যে হারে বর্তমানে সামাজিক অপরাধ বাড়ছে তা সামলাতে হলে আইনি ব্যবস্থার পাশাপাশি প্রতিষেধক হিসেবে চাই একটি মোক্ষম টীকা-যার নাম নৈতিক শিক্ষা। সে উদ্দেশ্য নিয়ে কার্যকর হোক আমাদের বর্তমান শিক্ষাপদ্ধতি।

* মোহাম্মদ তানভীর কায়ছার, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়
ই-মেইল: [email protected]