অবজারভার বন্ধ হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যবাহী ইংরেজি দৈনিক বাংলাদেশ অবজারভার বন্ধ করে দেওয়া হয়েছে। মালিকপক্ষ অবশ্য বলছে, পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অবজারভার-এর সাংবাদিক ও কর্মীরা জানিয়েছেন, আজ বুধবার থেকে আর পত্রিকাটি প্রকাশ হচ্ছে না।পত্রিকাটির প্রকাশনা প্রতিষ্ঠান আল হেলাল প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন কোম্পানির চেয়ারম্যান ও অবজারভার-এর প্রতিষ্ঠাতা মরহুম হামিদুল হক চৌধুরীর জামাতা মঞ্জুর আহমেদ প্রথম আলোকে বলেন, তাঁরা অচিরেই পত্রিকাটি আবার প্রকাশ করবেন। তার আগে এর পুনর্গঠন ও আধুনিকায়ন করা হবে। ৩ জুন পত্রিকাটির ৩১ জন সাংবাদিক-কর্মী বকেয়া বেতনভাতার দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিটের অন্যতম আবেদনকারী এবং প্রায় ১৮ বছর ধরে ওই পত্রিকার সঙ্গে জড়িত সাংবাদিক আইনি ইলিয়াস প্রথম আলোকে জানান, সব মিলিয়ে তাঁদের প্রায় ৯০ মাসের বেতন বাকি আছে। পত্রিকাটি বিক্রি করে বেতনভাতা পরিশোধের জন্য তাঁরা উচ্চ আদালতের কাছে আবেদন জানিয়েছেন।বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের সঙ্গে অবজারভার-এর নাম জড়িয়ে আছে। দেশের স্বনামধন্য অনেক সাংবাদিকই ওই পত্রিকায় কাজ করেছেন।মঞ্জুর আহমেদ বলেন, ১৮ বছর ধরে পত্রিকাটির ওপর তাঁদের কোনো নিয়ন্ত্রণ ছিল না। হামিদুল হক চৌধুরীর মৃত্যুর পর একটি গোষ্ঠী তাঁদের জোর করে বের করে দেয়। এরপর আইনি লড়াইয়ে জিতে গতকাল তিনি পত্রিকা অফিসে গিয়েছিলেন।বেতনভাতার দাবিতে অবজারভার-এর কর্মীদের হাইকোর্টে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে চাইলে মঞ্জুর আহমেদ বলেন, ‘সবারই আইনের কাছে যাওয়ার অধিকার আছে। তবে আমাদেরও বক্তব্য আছে।