অবজারভারের বার্তা সম্পাদক আশরাফ আলী আর নেই
ইংরেজি দৈনিক দি অবজারভারের বার্তা সম্পাদক মো. আশরাফ আলী আর নেই। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মিরপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।আশরাফ আলী দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিক ১৯৪৩ সালের ২ মার্চ জন্মগ্রহণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মিরপুরে সাংবাদিক আবাসিক এলাকায় নিজ বাড়িতে বসবাস করছিলেন। ১৯৬৯ সালে দৈনিক অবজারভারে কাজ করার মধ্য দিয়ে তিনি সাংবাদিকতা পেশায় প্রবেশ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পত্রিকাতেই কর্মরত ছিলেন। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য আশরাফ আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, আশরাফ আলী মুক্তিযুদ্ধের চেতনায় এ দেশে সাংবাদিকতা করেছেন। তাঁর মৃত্যুতে এ শিল্পের বিরাট ক্ষতি হয়েছে। তিনি আশরাফ আলীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক গৃহসংস্থান সমবায় সমিতি লিমিটেড পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে।