অবনতি হওয়ায় রোগীকে দ্রুত পাঠানো হলো অন্যত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরের পূর্ব দাপুনিয়া গ্রামের কৃষক বেনজির আহাম্মেদ (৫৫)। গত মাসে পেটের ব্যথা নিয়ে জেলা শহরের সায়েম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানানো হয়, রোগীর পিত্তথলি ও খাদ্যনালিতে পাথর হয়েছে।গত ৩০ ডিসেম্বর রাতে সেখানে তাঁর অস্ত্রোপচার করা হয়। তিন দিন পর দেখা দেয় বিপত্তি। অস্ত্রোপচারের সময় রোগীর পেটে লাগানো নল দিয়ে দূষিত রক্তের পরিবর্তে মল আসা শুরু করে এবং ধীরে ধীরে রোগীর পেট ফুলে উঠতে থাকে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। সর্বশেষ গতকাল রোগীর অবস্থার আরও অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল না নিয়ে নিজেরাই অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে। রোগীর স্ত্রী রহিমা খাতুন অভিযোগ করেন, ভুল অস্ত্রোপচারের কারণে তাঁর স্বামীর আজ এই দশা। অভিযোগের ব্যাপারে মুঠোফোনে রোগীর অস্ত্রোপচারকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মুজিবর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভেতরে সেলাই ছিঁড়ে যাওয়ায় এমন বিপত্তি ঘটেছে। গত শুক্রবারও তিনি রোগীকে দেখে এসেছেন। তাঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন। বাকিটা ভাগ্য। সায়েম ডায়াগনস্টিক কমপ্লেক্স অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক রাকিবুল হাসান বলেন, ‘মুজিবর রহমান স্যারের পরামর্শেই রোগীকে ওই হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অস্ত্রোপচারের পর স্যার জানতে পারেন ওই রোগীর খাদ্যনালি ও পিত্তথলি যুক্ত ছিল। গতকাল রাত আটটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডের সহকারী রেজিস্টার্ড (সিএ) ডা. আবু সাঈদ বলেন, অন্য জায়গায় অস্ত্রোপচার হওয়ায় ঠিক কী হয়েছে তা বলা মুশুকিল। রোগীকে সন্ধ্যায় আইসিইউতে নেওয়া হয়েছে।