অববাহিকার মানুষের সম্মতি ছাড়া অবকাঠামো তৈরি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে। তাই এ অববাহিকায় একতরফাভাবে কোনো বাঁধ বা অবকাঠামো নির্মাণ গ্রহণযোগ্য নয়।ভারতীয় গবেষক সঞ্জয় হাজারিকা গতকাল বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক আঞ্চলিক সম্মেলনের কর্ম অধিবেশনে এ মন্তব্য করেছেন। জার্মানির কনরাড আগেনাউয়ের স্টিফটুংয়ের (কেএএস) সহযোগিতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস—বিস) ‘উন্নয়ন ও নদী অববাহিকা’ শীর্ষক দুই দিনের এ আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে।সাবেক পররাষ্ট্রসচিব ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্ম অধিবেশনে সঞ্জয় হাজারিকা ছাড়াও বাংলাদেশের গবেষক সুফিয়া খানম প্রবন্ধ উপস্থাপন করেন।ফারুক সোবহান বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনার জন্য কার্যকর সহযোগিতা প্রয়োজন। আর সহযোগিতা গড়ে তুলতে হলে তথ্য সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।মুক্ত আলোচনার প্রশ্নোত্তর পর্বে জানতে চাওয়া হয়, টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বাংলাদেশ ও মণিপুরের মানুষ কীভাবে উপকৃত হবে? জবাবে আসামের অধিবাসী ও দিল্লির জামেয়া মিলিয়া ইসলামিয়ার সেন্টার ফর নর্থ ইস্ট স্টাডিজের অধ্যাপক সঞ্জয় হাজারিকা বলেন, ‘আমি মনে করি, স্থানীয় লোকজনের মতামত ছাড়া নদী অববাহিকায় বড় কোনো প্রকল্প এগিয়ে নেওয়া উচিত নয়।’ তিনি বলেন, যৌথ সমীক্ষার লক্ষ্যে সম্প্রতি ভারত টিপাইমুখ প্রকল্পের তথ্য বাংলাদেশকে দিয়েছে। এ ব্যাপারে মণিপুর ও বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হতে পারে। তিনি বলেন, ‘তথ্য বিনিময়ের ফলাফল কী হবে, জানি না। তবে হাতে যে আরও কিছু সময় পাওয়া গেল, তা-ও কম নয়।’সঞ্জয় হাজারিকা তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, মানস সরোবর, তিব্বতের পশ্চিম এবং কৈলাস পর্বত ও মানস সরোবরের দক্ষিণ-পূর্বে অবস্থিত ইয়ারলুং নদীতে বাঁধ নির্মাণের আগে উজানের দেশ চীনকে অবশ্যই ভাটির দেশ ভারতের সঙ্গে আলোচনায় বসতে হবে। আলোচনার এ প্রক্রিয়ায় ভারতের ভাটিতে অবস্থিত বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করতে হবে। সোজা কথায়, ভাটির দেশের সঙ্গে সংলাপ ছাড়া কোনো অবকাঠামো তৈরি করতে পারে না উজানের দেশ।সুফিয়া খানম তাঁর প্রবন্ধে বলেন, দুই নিকট প্রতিবেশীর সম্পর্কে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর পানির সফল ব্যবস্থাপনার ক্ষেত্রে চূড়ান্তভাবে রাজনৈতিক সদিচ্ছা ও পারস্পরিক আস্থা অপরিহার্য।