অবমাননাকর প্রতীক বরাদ্দের প্রতিবাদে স্মারকলিপি ও মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নারী কাউন্সিলরদের অবমাননাকর প্রতীক বরাদ্দের প্রতিবাদে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ। একই প্রতিবাদে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের শের-ই-বাংলা পার্ক সড়কে গতকাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গতকাল সকালে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেন কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সরকার যেখানে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে, সেখানে নির্বাচন কমিশন সংরক্ষিত মহিলা আসনে নারী কাউন্সিলরদের জন্য লজ্জাকর প্রতীক বরাদ্দ করেছে। এগুলো নারীদের জন্য অবমাননাকর প্রতীক। এই প্রতীকগুলো বাতিল করে সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবি জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, প্রমুখ।
নির্বাচন কমিশন তফসিল-৪{বিধি ১৯(২)(খ)} অনুযায়ী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, পুতুল, চকলেট, কাঁচি, হারমোনিয়াম, গ্যাসের চুলা, মৌমাছি ও আঙুর প্রতীক বরাদ্দ করে।
এই প্রতিবাদে গতকাল সকালে পঞ্চগড়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা পরস্পরের উদ্যোগে শের-ই বাংলা পার্কের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দে নারীদের চরম অবমাননা করা হয়েছে বলে প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে এসব প্রতীক পরিবর্তনের দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন পরস্পরের নির্বাহী পরিচালক আক্তারুন্নাহার, নারী উন্নয়নকর্মী আমিনুন নাহার প্রমুখ।