অবমাননাকর লেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বেলা ১১টা ৬ মিনিট। ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার আলী আকবরী এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। অটোরিকশার পেছনে লেখা ‘সাপকে বিশ্বাস করো, নারীকে নয়’। নারীদের হেয় করে লেখা এ বাক্যটি দেখে উপস্থিত মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উপস্থিত ব্যক্তিরা বলেন, এই অটোরিকশাটি ‘আকাশ-প্রকাশ’ পরিবহনের অধীনে পরিচালিত হয়। একই জেলার বাজিতপুর পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের মদরাপুর এলাকার মো. শাহপরান নামে এক ব্যক্তি পরিবহনটির মালিক। এই পরিবহনের অধীনে বেশ কিছু অটোরিকশা ভৈরব থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচল করে।

কুলিয়ারচর ডিগ্রি কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের ছাত্রী তাহমিনা বেগম বলেন, ‘লেখাটি আমার নজরেও পড়েছে। বন্ধুদের অনেকে অটোরিকশায় লেখার সূত্র ধরে মজা করেছেন।’

অটোরিকশার চালক আনোয়ার হোসেন বলেন, মালিক কেন ও কী কারণে এ ধরনের বাক্য অটোরিকশার পেছনে লিখিয়েছেন, তা তিনি জানেন না। তবে এই লেখার কারণে তাঁকে প্রায়ই এলাকার মানুষের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। অনেকে লেখাটি মুছে ফেলার অনুরোধ করেন।

অটোরিকশার মালিক শাহপরানের মুঠোফোন নম্বরে ফোন দিলে জাহিদ পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনটি ধরেন। জাহিদ নিজেকে শাহপরানের ছোট ভাই পরিচয় দেন। তিনি বলেন, ‘ভাই কী কারণে লেখাটি লিখেছেন, তা আমার জানা নেই। তবে লেখাটি আমরা মুছে ফেলব।’