অবমাননার রুল, দুই মন্ত্রীকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক
কামরুল ইসলাম, আ ক ম মোজাম্মেল হক

দেশের সর্বোচ্চ আদালত নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বক্তব্যে স্তম্ভিত হয়ে তাঁদের তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত অবমাননার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন কার্যক্রম শুরু করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ১৫ মার্চ সকাল নয়টায় দুই মন্ত্রীকে আপিল বিভাগে হাজির হয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
এদিকে খাদ্যমন্ত্রী গতকাল সাংবাদিকদের বলেছেন, তিনি ব্যাখ্যা দেওয়ার জন্য আইনজীবীর মাধ্যমে সময় চাইবেন। বাংলাদেশে দুই মন্ত্রীকে একসঙ্গে সর্বোচ্চ আদালতে তলব ও আদালত অবমাননার রুল দেওয়াকে নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গতকাল দিনের কার্যক্রমের শুরুতেই প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর চূড়ান্ত রায় ঘোষণার জন্য নির্ধারিত ছিল। তবে সকালে আপিল বিভাগের সম্পূরক কার্যতালিকা তৈরি করে আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য রাখা হয়। সকাল নয়টায় প্রধান বিচারপতির আদালতকক্ষে নয় সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। আপিল বিভাগের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
জনাকীর্ণ আদালতকক্ষে উপস্থিত অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘সম্প্রতি কিছু কিছু গণমাধ্যমে দেশের সর্বোচ্চ আদালত নিয়ে প্রচারিত কিছু অশোভন ও অবমাননাকর মন্তব্য দেখে সর্বোচ্চ আদালতের বিচারকেরা স্তম্ভিত। এসব মন্তব্যকে বিচার বিভাগের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপের শামিল বলে আমরা মনে করি।’
এরপর দুই মন্ত্রীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে প্রধান বিচারপতি আদেশ দেন। আদেশে বলা হয়, কামরুল ইসলাম এবং আ ক ম মোজাম্মেল হক ৫ মার্চ দেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের জন্য চরম মর্যাদাহানিকর যে বক্তব্য দিয়েছেন, সে জন্য কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম হাতে নেওয়া হবে না, তার কারণ দেখাতে হবে। একটি গোলটেবিল বৈঠকে দেওয়া তাঁদের ওই বক্তব্য বিচার প্রশাসনের ওপর নগ্ন হস্তক্ষেপ এবং এতে বিচার বিভাগের মর্যাদা ও কর্তৃত্ব ক্ষুণ্ন হয়েছে। এ জন্য ওই দুই মন্ত্রীকে ১৫ মার্চ সকাল নয়টায় আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।
গত শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত গোলটেবিল বৈঠকে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিল মামলা পুনঃশুনানির দাবি জানান। ওই শুনানিতে প্রধান বিচারপতি ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেলকে অংশ না নেওয়ার পরামর্শ দেন তিনি। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতিকে নিয়ে কিছু মন্তব্য করেন।
দুই মন্ত্রীর মন্তব্য নিয়ে আইন অঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। রোববার নিজের কথার পুনরাবৃত্তি করেন কামরুল ইসলাম। আইনমন্ত্রী আনিসুল হকসহ শীর্ষস্থানীয় আইনজীবীরা বলেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা উচিত নয়। অ্যাটর্নি জেনারেল দুই মন্ত্রীর মন্তব্যকে অসাংবিধানিক উল্লেখ করেন।
দুই মন্ত্রীর বক্তব্যের বিষয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিচারাধীন মামলার বিষয়ে কথা বলা তাঁদের কাজ নয়। মীর কাসেমের মামলার রায়সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে চলমান বিতর্কের ব্যাপারে দুই মন্ত্রী যা বলেছেন, তা সরকারের বক্তব্য নয়।
অবশ্য তিন দিন ধরে চলা ওই বিতর্কের সময় প্রধান বিচারপতি নেপালে ছিলেন। সোমবার বিকেলে দেশে ফেরার পর গতকাল তাঁর নেতৃত্বে আপিল বিভাগ ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিলেন।
আদেশের পর জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এর আগে দেশে কোনো মন্ত্রীকে আদালত অবমাননার রুল দেওয়া হয়েছে কি না, তা তাঁর জানা নেই। তবে একসঙ্গে দুজন মন্ত্রীকে তলব ও আদালত অবমাননার রুল দেওয়া নজিরবিহীন ঘটনা।
জানতে চাইলে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘স্বাধীনতার পর কোনো মন্ত্রীকে এভাবে সুপ্রিম কোর্ট তলব করেছেন বলে আমার মনে পড়ছে না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত অবমাননার বিষয় হওয়ায় হয়তো আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আদেশ দিয়েছেন।’
আইনমন্ত্রী আনিসুল হক গতকালও সাংবাদিকদের বলেন, বিচারাধীন বিষয় নিয়ে তিনি আগেও কখনো মন্তব্য করেননি, এখনো করবেন না।
দুই মন্ত্রীকে তলবের ঘটনাকে সমসাময়িক বাংলাদেশে একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় কোনো আপস হতে পারে না। বিচার বিভাগ নিয়ে লাগামহীন কথা বলা ঠিক নয়, তা সবার মনে রাখা উচিত।
সময় চাইবেন খাদ্যমন্ত্রী: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক সম্মেলনে যোগ দিতে গতকালই তাঁর মালয়েশিয়া যাওয়ার কথা উল্লেখ করে বলেন, ১৬ বা ১৭ মার্চ তিনি দেশে ফিরবেন। এ জন্য তিনি আদালতের কাছে আইনজীবীর মাধ্যমে সময় চাইবেন। আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনার জন্য তিনি বলে যাবেন।
খাদ্যমন্ত্রী বলেন, তিনি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। টিভিতে দেখেছেন যে রুলনিশি জারি হয়েছে। হয়তো আদেশের কাগজও পেয়ে যাবেন। আদালতের নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি যে বক্তব্য রেখেছিলেন, তা একজন মন্ত্রী হিসেবে নয়, একজন মুক্তিযোদ্ধা হিসেবে। একজন বিচারপ্রার্থী হিসেবে তিনি বক্তব্য দিয়েছিলেন। তবে তিনি যে একজন মন্ত্রী, সেটা অস্বীকার করার উপায় নেই।
মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড বহাল থাকার প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, এতে তিনি খুবই আনন্দিত।