অবমুক্ত করা হয়েছে সেই ঘুঘু পাখিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ের মালী কুদ্দুস আলীর কাছ থেকে উদ্ধার করা সেই ঘুঘু পাখিটি গতকাল শনিবার অবমুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক পাখিটি অবমুক্ত করেন। গত শুক্রবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশ দিয়ে কুদ্দুস আলী একটি পোষা ঘুঘু ও ঘুঘু ধরার ফাঁদ নিয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমবাগান এলাকায় যাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাঁকে আটকের পর প্রক্টরিয়াল বডির সদস্যদের কাছে নিয়ে যান। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা ঘুঘু পাখি ও ঘুঘু ধরার ফাঁদসহ কুদ্দুস আলীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে যান। পরে আবু বকর সিদ্দিক প্রশাসনিক ভবনের সামনে থেকে পাখিটি অবমুক্ত করেন। আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, পাখিসহ সব ধরনের বন্য প্রাণী বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। ক্যাম্পাসকে এদের অভয়ারণ্য হিসেবে বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব নিরাপত্তা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কুদ্দুস আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।