টাঙ্গাইলের মির্জাপুরে অবমূল্যায়নের অভিযোগে মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন। তাঁরা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রোববার সকালে মির্জাপুর সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার আসাদুজ্জামান বাবুল। ৮টা বাজার ১০ মিনিট আগে অভিবাদন মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত, মির্জাপুর পৌরসভার মেয়র শাহাদৎ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন ওঠেন। প্যারেড শুরুর জন্য মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কমল সরকার অতিথিদের অনুমতি চান। কিন্তু জাতীয় সংগীত পরিবেশন ছাড়া অনুষ্ঠান শুরু করতে কয়েকজন দর্শক আপত্তি তোলেন। তখন জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিশৃঙ্খলা, অভিবাদন মঞ্চে মুক্তিযোদ্ধা কমান্ডারকে না ডাকা এবং উপস্থিত তিন শতাধিক মুক্তিযোদ্ধার বসার ব্যবস্থা না করায় তাঁরা অনুষ্ঠান বর্জন করেন। তাঁরা সেখান থেকে আটটার দিকে বেরিয়ে আসেন। পরে পৌনে ১০টায় তাঁরা শহরের কলেজ রোড থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মির্জাপুর প্রেসক্লাবের সামনে শেষে সমাবেশ হয়। সেখানে স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশ্বাস দুর্লভ চন্দ্র প্রমুখ বক্তব্য দেন।
সিদ্দিকুর রহমান বলেন, অনুষ্ঠানে আমন্ত্রণ করে এনে মুক্তিযোদ্ধাদের বসার ব্যবস্থা না করে অপমান করা হয়েছে। তা ছাড়া ঘোষণা মঞ্চে বারবার বলা সত্ত্বেও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে অভিবাদন মঞ্চে ডাকা হয়নি। যা সব মুক্তিযোদ্ধার জন্য লজ্জাজনক।
ইউএনও বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর কোন ভুলের কারণে তাঁরা অনুষ্ঠান বর্জন করেছেন, তা বুঝে উঠতে পারছি না।’