অবমূল্যায়নের দাঁতভাঙা জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবমূল্যায়নের দাঁতভাঙা জবাব দিলেন তিনি ও তাঁর সমর্থকেরা। দলের মনোনয়ন না পেলেও বিদ্রোহী প্রার্থী হয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়ে শীর্ষ নেতাদের অবমূল্যায়নের মধুর প্রতিশোধ নিলেন কারিবুল হক রাজিন।
জামায়াত-বিএনপির দুর্গ ভেঙে তছনছ করে তিনি ব্যাপক ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চার প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়ে চতুর্থ অবস্থানে আওয়ামী লীগের প্রার্থী ময়েন খান। এখানে জামায়াতের প্রার্থী জাফর আলীকে ৪ হাজার ১৫৩ ভোটে পরাজিত করেন কারিবুল হক।
মেয়র পদে প্রার্থী নির্ধারণ-সংক্রান্ত সভায় শিবগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ তৃণমূলের কর্মীরা শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারিবুল হককে সমর্থন দেন। তাঁর প্রতি সমর্থন ছিল স্থানীয় সাংসদ গোলাম রাব্বানীরও। কিন্তু এলাকার সাংসদদের নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল এবং সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ আব্দুল ওদুদ জেলা কার্যালয়ে বৈঠক শেষে তৃণমূলের মতামত উপেক্ষা করে কারিবুল হককে বাতিল করেন। বেছে নেন তৃণমূলের নেতা-কর্মীদের কাছে অগ্রহণযোগ্য, টাকাওয়ালা প্রার্থী জেলা কমিটির সদস্য ময়েন খানকে। এ সিদ্ধান্তে মর্মাহত হন তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ সমর্থকেরা। এলাকার সাধারণ মানুষও অসন্তুষ্ট হয় কারিবুল হকের ওপর অবিচার করায়। কেননা, দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর পল্লী বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগের সময় জামায়াত-বিএনপির সন্ত্রাসের শিকার হন কারিবুল হক। তাঁর দুই পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। তাঁর জীবনও আশঙ্কার মধ্যে পড়ে। দুর্বৃত্তদের হাতে নিহত হন আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মী। আহত হন অসংখ্য। জামায়াত-বিএনপির সন্ত্রাসীদের ভয়ে এলাকাছাড়া হন অনেকেই। ভয়ে প্রকাশ্য ঘোরাফেরাও করত না অনেকে। এই দুঃসময়ে কারিবুল হকের ভূমিকা ছিল বলিষ্ঠ। এ অবস্থা থেকে উত্তরণে তিনি সাহসী ভূমিকা রাখেন। এ ছাড়া গত পৌর নির্বাচনে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। এর আগে এত ভোট আওয়ামী লীগের কোনো প্রার্থীই পাননি।
কারিবুল হকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার বাসিন্দা শামসুর রহমান প্রথম আলোকে বলেন, জেলার শীর্ষ দুই নেতার তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকদের মতামত উপেক্ষা ও কারিবুল হকের প্রতি অবিচারের দাঁতভাঙা জবাব দিতে পেরে দারুণ খুশি শিবগঞ্জ পৌর আওয়ামী, যুব ও ছাত্রলীগের তৃণমূলের নেতা-কর্মীরা। অন্যদিকে দলের জন্য কারিবুল হকের অবদান ও জনগণের মধ্যে তাঁর জনপ্রিয়তাকে মূল্যায়ন করতে পেরেও তাঁরা আনন্দিত।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন মণ্ডল বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’