অবরুদ্ধ অবস্থা অবসানের অপেক্ষায় ছিটমহলবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিসাব অনুযায়ী গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে ৪৮ ঘণ্টা পর বাংলাদেশ-ভারতের সীমান্তে কোনো ছিটমহলের অস্তিত্ব থাকবে না। আগামীকাল ৩১ জুলাই রাত ১২টার পর থেকে অবসান ঘটবে দুই দেশের অর্ধলক্ষ মানুষের ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের। ঐতিহাসিক ও মহানন্দের এই ক্ষণটিকে স্মরণীয় করে রাখতে পঞ্চগড় জেলার ৩৬টি ছিটমহলে চলছে উৎসবের প্রস্তুতি।
৩১ জুলাই মধ্যরাত থেকে এই ৩৬টি ছিটমহল হয়ে যাবে বাংলাদেশের। এই ক্ষণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসব ছিটমহলের বাসিন্দারা। এ উপলক্ষে ছিটমহলবাসী ও বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে বাড়িতে বাড়িতে চলছে কেনাকাটা। প্রায় প্রতিটি বাড়ি ও পরিবারই আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ও খাবারদাবারের। যুগ-যুগান্তরের যেসব প্রতিবেশী পৈতৃক ভিটা ছেড়ে ভারতে চলে যাবেন, তাঁদের আনুষ্ঠানিকতার মাধ্যমে বিদায় জানাতে চান এপারে থেকে যাওয়া মানুষেরা। ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসান উপলক্ষে এ দিন ছিটমহলের প্রতিটি মুসলিম পরিবারে জ্বলবে ৬৮টি মোমবাতি আর হিন্দু পরিবারে জ্বলবে ৬৮টি প্রদীপ। সড়কগুলো আলোকিত করা হবে মশাল জ্বালিয়ে। আকাশে ওড়ানো হবে আকাশপ্রদীপ। আনন্দানুষ্ঠান চলবে রাতভর।
পঞ্চগড় সদর উপজেলার গারাতী ছিটমহলের চেয়ারম্যান ও নীলফামারী-পঞ্চগড় জেলার ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মফিজার রহমান বলেন, দিনটিকে স্মরণীয় করে রাখতে ৩১ জুলাই সারা দিন ও সারা রাত আনন্দ অনুষ্ঠান চলবে। গারাতী ছিটমহলে সকালে আয়োজন করা হয়েছে খেলাধুলা প্রতিযোগিতা। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাতে মঞ্চস্থ হবে নাটক।
তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকারিভাবে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, ৩১ জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহল বাংলাদেশের হয়ে যাবে। বাংলাদেশের ছিটমহল ভারতের হয়ে যাবে। এসব ছিটমহলের নাগরিকেরা নিজেদের পছন্দ অনুযায়ী দেশ বেছে নিতে পারবেন। তিনি বলেন, কোটভাজনি ছিটমহলে একটি আবেদনে একাধিক পরিবারের ৫৯ জন ভারতে যেতে নতুন করে আবেদন করেছেন। এ ছাড়া ভারতে যাওয়ার আবেদন প্রত্যাহারের আবেদন করেছে বেশ কয়েকটি পরিবার। এর মধ্যে দেবীগঞ্জে দুই পরিবারের নয়জন সদস্য রয়েছেন।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আউয়াল বলেন, সেখানে দুটি পরিবার মৌখিকভাবে আবেদন প্রত্যাহার করবে বলে জানিয়েছে। কিন্তু তারা এখনো লিখিতভাবে কিছু জানায়নি। ১৬ জুলাইয়ের আগে এসব পরিবার ভারতে যাওয়ার আবেদন করেছিল।
এ আবেদনের বিষয়ে আজ বৃহস্পতিবার সরেজমিনে দুই দেশের কর্মকর্তারা যাচাই-বাছাই করবেন।
পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহ্মদ বলেন, ‘ছিটমহলের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো রকম অবনতি যাতে না হয়, সে জন্য প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। আইনগতভাবে ৩১ জুলাই রাত ১২টার আগ পর্যন্ত আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ছিটমহলে যাওয়ার সুযোগ নেই। ১ আগস্ট আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জেলার ৩৬টি ছিটমহলে অবস্থান নেবে। শোনা যাচ্ছে অনেকে সাদা কাগজে সই নিয়ে জমি কিনে নেওয়ার চেষ্টা করছে। এসব চলবে না। ছিটমহল বাংলাদেশের অধিভুক্ত হওয়ার পর আইন অনুযায়ী জমি কেনাবেচা হবে।’