অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেল সেই খাসিয়ারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পাঁচটি পানপুঞ্জির খাসিয়ারা পাঁচ দিন পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। গত রোববার দুপুর ১২টা থেকে চা-শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। তবে নাহার কাইলিন পানপুঞ্জিতে তাঁরা অবরোধ অব্যাহত রেখেছেন।গত মঙ্গলবার দুপুরে হরিণছড়া চা-বাগান এলাকায় অমল বাল্মিক দাস নামের এক চা-শ্রমিক খুন হন। ওই ঘটনায় নাহার কাইলিন পানপুঞ্জির দুই চৌকিদার জড়িত অভিযোগ এনে চা-শ্রমিকেরা ওইদিন বিকেল থেকে নাহার কাইলিন, নাহার আসলাম, নাগফুলছড়া, চলিতাছড়া, লাংলিয়াছড়া ও নিরালা পানপুঞ্জির আাাদিবাসী খাসিয়াদের অবরুদ্ধ করে রাখেন। এতে আদিবাসী খাসিয়ারা আর্থিক ক্ষতিসহ ব্যাপক অসুবিধার সম্মুখীন হয়। এ বিষয়ে রোববার প্রথম আলোয় খবর প্রকাশিত হয়।ওইদিনই উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পানপুঞ্জির খাসিয়া ও চা-শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হয়। বৈঠকে শর্ত সাপেক্ষে চা-শ্রমিকেরা পাঁচটি পুঞ্জি থেকে অবরোধ তুলে নিতে রাজি হন। তবে নাহার (কাইলিন) পানপুঞ্জি থেকে তাঁরা অবরোধ তুলে নিতে রাজি হননি। বিষয়টি নিষ্পত্তির জন্য বৈঠকে একটি কমিটি গঠন করা হয়। আজ মঙ্গলবার ওই কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।রোববারের বৈঠকে সভাপতিত্ব করেন ইউএনও ফয়েজ আহাম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা, চা-শ্রমিক ইউনিয়নের একাংশের আহ্বায়ক বিজয় বুনারজি, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ও খাসিয়া মন্ত্রী কাউন্সিলের সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং প্রমুখ।